নায়ক রহমান আর নেই
বাংলা চলচ্চিত্রের ষাট দশকের জনপ্রিয় নায়ক রহমান আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নায়ক রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সমবেদনা জানাতে তার বন্ধু, সহকর্মী ও অসংখ্য ভক্ত গুণগ্রাহী গুলশানস্থ বাসভবনে ভীড় জমায়।
তাঁর মরদেহ এফডিসিতে আনা হলে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীগণ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন ।
এফডিসিতে অনুষ্ঠিত তার প্রথম জানাজার সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে তাঁর মরদেহ দাফনের জন্য দিনাজপুরে তাঁর নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
রহমান ষাট দশকে উত্তরণ ছায়াছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন। এরপর নায়কোচিত ইমেজ নিয়ে সত্তর দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করে যান।
বাংলা চলচ্চিত্রের সাদা কালো সময়ের আইডিল হিসেবে এখনো রহমান সমান জনপ্রিয়।
এক শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার নায়ক রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
