১৯ জুলাই মেহেরপুরবাসীর জন্য শোকাবহ দিন
১৯৭১ সালের ১৯ জুলাই মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামে দুই পাক সেনাকে হত্যার বদলে ১১ জন বাঙ্গালীকে গুলি করে হত্যা করা হয়। প্রতিবছর মেহেরপুরবাসী এই দিনটি গভীর শোকের মধ্যদিয়ে পালন করে।
ঘটনার দিন সকালে দুই পাকসেনা গ্রামে প্রবেশ করলে ওমর শাহ নামে এক বীর গ্রামবাসী ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করে। দালালদের মাধ্যমে পাক সেনারা এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে। পরে পাক সেনারা ওমর শাহসহ ওই গ্রামের কিয়ামত শাহ, ফতেহজান নেছা (খুকি), লস্কর শাহ, সৈয়দ আলী মণ্ডল, আহাদ আলী, জটি, রইস উদ্দিন, হোসেন আলী, সামসুদ্দিন ও আমানকে গুলি করে হত্যা করে।
তবে ওইসব শহীদদের পরিবারের সদস্যরা আজ চরম দরিদ্র অবস্থায় জীবন যাপন করছে। স্বাধীনতার ৩৪ বছর পার হলেও সরকার বা অন্য কেউ ওই শহীদ পরিবারগুলোর কোনও খোঁজ নেয়নি। তাদের ভাগ্যে জোটেনি কোনও সাহায্য। নিহতদের স্মরণে কোনও স্মৃতিস্তম্ভও গড়া হয় নি।
