নির্বাচন কমিশন প্রার্থিতা বতিলের ও অবমাননায় শাস্তি বিধানের ক্ষমতা চায়
নির্বাচনে ব্যাপক অনিয়ম, অথবা ‘জনপ্রতিনিধিত্ব আদেশ’এর কোনও ধারা লংঘনের কারণে প্রার্থিতা বাতিলের এবং অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আদালতের মতো ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নির্বাচন কমিশনের স্বার্থেই এই আইন পুনরায় চালু করার উচিত। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ঢোঁড়া সাপের মতো থাকলে কালো টাকা ও পেশী শক্তির দৌরাত্ম রোধ করা সম্ভব হবে না।’
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ২০০১ সালের ২০ জুলাই এক অধ্যাদেশের মাধ্যমে এই আইন (৯১ডি এবং ৯৩বি) ‘জনপ্রতিনিধিত্ব আদেশ’ এর সঙ্গে যুক্ত করেন। কিন্তু মাত্র তিনদিন পর প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাপের মুখে অপর এক অধ্যাদেশের মাধ্যমে এই আইনগুলো বাদ দেওয়া হয়।
৯১ডি(১) আইনে বলা হয়েছে, কোনও সূত্র থেকে যদি এমন কোনও তথ্য পাওয়া যায় যে কোনও প্রার্থী নির্বাচনী আইন ভঙ্গ করেছে তাহলে নির্বাচন কমিশন তাকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করতে পারবে। এক্ষেত্রে অন্যান্য প্রার্থীদের নিয়ে নির্বাচন হবে।
৯৩বি (১) আইনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অবমাননার জন্য কমিশন হাইকোর্ট ডিভিশনের মতো কোনও ব্যক্তিকে শাস্তির ব্যবস্থা করতে পারবে।
এ আইনের ধারা (২)এ বলা হয়েছে, ধারা (১)’র অধীনে কমিশনের কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও আপিল করা যাবে না। তবে কমিশন নিজের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারবে।
নির্বাচন কমিশনের সংস্কার সংক্রান্ত বিরোধী দলের প্রস্তাব সম্পর্কে প্রশ্ন করা হলে এমএ আজিজ বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কেউ তাকে কমিশনের সংস্কারের ব্যাপারে কিছু বলেনি। শুধু পত্রিকায় পাতায় তারা এ সব প্রস্তাব দেখেছেন।
তিনি আরও বলেন, আইন প্রনয়ণের মাধমে সাংসদরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করতে পারেন। প্রকৃতপক্ষে আমাদের কিছুই করার নেই।
তিনি বলেন, বিরোধী দলের সংষ্কার প্রস্তাবের মধ্যে কিছু প্রস্তাব গ্রহণযোগ্য এবং কিছু প্রস্তাব বর্তমান ব্যবস্থায় অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য এই কারণে যে ওইসমস্ত প্রস্তাবের জন্য বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে।
এ ব্যাপারে উদাহরণ জানতে চাওয়া হলে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে। সাংসদরা যদি তা করতে চান তবে এ ব্যাপারে নতুন আইন প্রণয়ন করতে হবে।
সিইসি বলেন, সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসতে হবে।
তিনি আরও বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনার ব্যাপারে আমি কোনও আগ্রহ দেখছি না। আমি ডাকলে যদি তারা আলোচনায় বসে, এ ধরণের কোনও লক্ষণ দেখলে আমি তাদের আলোচনায় ডাকতাম। সমস্যা সমাধানের জন্য অবশ্যই তাদেরকে একসঙ্গে বসতে হবে। তাদেরকে বিভিন্ন মতপার্থক্য খুঁজে বের করতে আলোচনায় বসার মাধ্যমে ব্যবধান কমানো উচিত।
তিনি বলেন, তাদের আলোচনার জন্য নির্বাচন কমিশনের ভুমিকা অত্যন্ত সীমাবদ্ধ। প্রত্যেকেই মনে করে প্রধান দুই রাজনৈতিক দলের আলোচনায় বসে সংলাপের মাধমে সমস্যার সমাধান করা উচিত।
