চট্টগ্রামে গণপিটুনীতে ৩ ডাকাত নিহত
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় গণপিটুনীতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম একরামুল হক (৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ছয়--সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আবাসিক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। কিন্তু কর্তব্যরত দারোয়ান ডাকাত দলকে বাধা দিলে তারা তাকে মারপিট করে।
বেগতিক দেখে দারোয়ান সাইরেন বাজালে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। এসময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও এলাকাবাসীর হাতে ধরা পড়ে তিন ডাকাত। বিক্ষুব্ধ জনতার গণপিটুনীতে ঘটনাস্থলেই মারা যায় অজ্ঞাত পরিচয়ের দুজন। আহত অবস্থায় শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় একরামুল হক নামের আরেক ডাকাত।
পুলিশ সূত্র জানায়, পুরো ডাকাত দলটিকে গ্রেফতার করার জন্য খোঁজ--খবর নেওয়া হচ্ছে।
