রাজবাড়ীতে অস্ত্রসহ ৩ চরমপন্থী গ্রেফতার
রাজবাড়ির পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে দুঘন্টা বন্দুকযুদ্ধের পর পুলিশ চুন্নু বাহিনীর প্রধান চুন্নুসহ তিনজন চরমপন্থীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত অন্য দুজন হচ্ছে- মোসলেম মন্ডল ও শওকত আলী। এসময় পুলিশ দুটি পাকিস্তানী বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
পাংশা থানা সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১২টার দিকে জনৈক রঞ্জিত মন্ডলের বাড়িতে চরমপন্থীরা অবস্থান করছে, এ খবর পেয়ে পাংশা থানার ওসির নেতৃত্বে পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় দুঘন্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ির পুলিশ সুপার মো. মোর্শেদুল আনোয়ার খান জানান, চরমপন্থীরা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
