২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে চোরাচালানী - বিডিআর বন্দুকযুদ্ধ, বিডিআরের নায়েক নিহত

বেনাপোল সীমান্তে বুধবার ভোরে বিডিআর ও চোরাচালানীদের মধ্যে বন্দুকযুদ্ধে বিডিআরের একজন নায়েক নিহত হয়েছে। এসময় বিডিআরের অপর এক সদস্য এবং একজন চোরাচালানী আহত হয়। 

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 12:41 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

আহতদের শার্শার নাভারন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী, পুলিশ ও বিডিআর সূত্র জানায়, ৪০/৫০ জনের একদল চোরাচালানী ভারতীয় অবৈধ পণ্য নিয়ে বাংলাদেশে ঢোকার সময় বেনাপোলের শালবাগান পোস্টের বিডিআর সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাচালানীরা তাদের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিডিআরের নায়েক পিয়ার আলী (ব্যাচ নং-৪৫৬৭১) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় হাবিলদার বাবর আলী আহত হয়। বিডিআর পাল্টা গুলি ছুড়লে চোরাচালানী সদস্য রবিউল আহত হয়।

আহত চোরাচালানীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শার্শার ভবেরবেড় এলাকার বাবলু ও পাপ্পুকে আটক করে।

সূত্র জানায়, বিডিআর ও পুলিশ চোরাচালানীদের কাছ থেকে ১৫ হাজার চারশ’ ৭০ পিস অমিপ্রাজল ক্যাপসুল, ৫০০ পিস ডেন্টামাইসিন ইঞ্জেকশন , প্লেয়িং কার্ড, স্টিল দ্রব্যাদি (থালাবাসন), ১৭ বেল কাপড় এবং তিন বস্তা ফেনসিডিল আটক করে।

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ওসি সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজকে জানান, চোরাচালানীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আটক মালামালের মধ্যে কাপড় ও ফেনসিডিল আটকের বিষয়টি অস্বীকার করেন।