২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে পুলিশের প্রহারে ব্যবসায়ী নিহত, দুই পুলিশ সদস্য ক্লোজ

শ্রীপুরের বেরাইদ চালা সিএন্ডবি বাজারে সোমবার বিকেলে পুলিশের প্রহারে হামিদুল হক (৪২) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

জুয়ার আসর থেকে গ্রেফতারের এক ঘন্টার মধ্যে হামিদুলের মৃত্যু হয়। বেদম মারধোরের পর পুলিশ তাকে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামিদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মাওনা ফাঁড়িতে হামলা চালায় এবং ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে। উত্তেজিত জনতা এ সময় ২৫/৩০টি গাড়ি ভাংচুর করে। সড়ক অবরোধ করে রাখা জনতার সঙ্গে পুলিশের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়।

নিহত হামিদুল ইসলাম শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তার পিতা কলিমউদ্দিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের টানা ২৭ বছর চেয়ারম্যান ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেরাইদের চালা এলাকায় নিহত হামিদুল তার দুই বন্ধু জালাল, দুলাল এবং আরও দুজন জনৈক অলিউল্লাহ’র বাড়িতে জুয়া খেলছিল। দুপুর আড়াইটার দিকে শ্রীপুর থানার সরকারি দারোগা দেলোয়ার হোসেন ও আবদুল আলীমের নেতৃত্বে পুলিশ হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুজন পালিয়ে গেলেও ধরা পড়ে হামিদুল, জালাল ও দুলাল। পরে মৃত  অবস্থায় হামিদুলকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

হামিদুলের ছেলে তানভীর হোসেন (২০) অভিযোগ করেন, পুলিশের এলাপাথাড়ি অত্যাচারে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তার নাক, মুখ থেকে রক্ত পড়তে থাকে।

হামিদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অল্পক্ষণের মধ্যে কয়েক শ লোক জড়ো হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করে। ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে শুরু করে ভাংচুর। পুলিশের সঙ্গে শুরু হয় জনতার সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর পুলিশ লাইন থেকে বিপুল সংখ্যক এনে পুলিশ মাওনা চৌরাস্থায় মোতায়েন করা হয়। সন্ধ্যা ৬ টায় পুলিশ সুপার মাওনা চৌরাস্থায় এলে কয়েক হাজার মানুষ দুই পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর গাজী বলেন, পুলিশের প্রহারে নয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হামিদুল মারা গেছে।

ওসির বক্তব্যের বিরোধিতা করে নিহতের ভাই আজিজুল হক সরকার বলেন, তার বুক, পায়ের পাতা, গলা, হাতের কব্জিতে প্রচুর আঘাতের চিহ্ন আছে। আজিজুল হক সরকার রাতে এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেছে।