২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে নিহত লক্ষীপুরের রউফের বাড়িতে কান্নার রোল

সৌদি আরবে ফার্নিচার ওয়্যার হাউজে বয়লার বিস্ফোরণে নিহত আবদুর রউফের মৃত্যুর খবর তার লক্ষীপুরের বাড়িতে পৌছানোর পর সেখানে নেমে এসেছে শোকের ছায়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ইছাপুর গ্রামে এ খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা। ইছাপুর গ্রামের অজিউল্লাহ’র (৬৫) ছয় ছেলের মধ্যে রউফ দ্বিতীয়। নিহত রউফের পিতা অজিউল্লাহ, মা সামসুন নাহার, স্ত্রী খতিজা বেগম খবর শোনার পর বার বার মূর্ছা যাচ্ছেন। দূর-দূরান্ত থেকে খবর পেয়ে স্বজনরা এসে ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। নিহতের দুই সন্তান হোসেন (৬) ও আরাফাত (২) এ ব্যাপারে এখনও কিছু বুঝতে পারছে না। শোকের পরিবেশ তাদের মধ্যে সৃষ্টি করছে বিস্ময়। রোববার থেকে বাড়িতে চলছে কোরান খতম ও মিলাদ মাহফিল।

নিহতের পিতা অজিউল্লাহ জানান, দেড় বছর আগে জমিজামা বিক্রি  এবং সমিতি থেকে ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠান। এ যাবত প্রবাসী পুত্র ১০/১২ হাজার টাকা পাঠিয়েছে। কর্জের টাকা এখনও পরিশোধ করা সম্ভব হয়নি।

রউফের পরিবার এখন লাশের অপেক্ষা করছে ।