বিএসএফ ৭ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে
নওগাঁ জেলার সাপাহার সীমান্তপথে রোববার মধ্যরাতে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ।
পুশইনের এই ঘটনায় নওগাঁ সীমান্তে পাহারা জোরদার এবং বিডিআর’কে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
নওগাঁর ২৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হাসান জানান, ভারত অংশের ছাতারা হাফি ও কাণ্ডুবাটি বিএসএফ ক্যাম্পের মাঝপথ দিয়ে ওই সাত মুসলমান ভারতীয় নাগরিককে ২৪৭ নং প্রধান পিলারের পাশ দিয়ে নওগাঁর সুন্দরইল গ্রামে পুশ ইন করে। সোনাডাঙ্গা বিওপি’র টহল বিডিআর সুন্দরইল গ্রাম থেকে ওই সাত জনকে আটক করে খঞ্জনপুর ক্যাম্পে পাঠিয়েছে। বিডিআর সূত্র জানায়, আটককৃতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আটক সাত ভারতীয় নাগরিক হলো- ভারতের দিল্লির লোহে মেহেরালী থানা সদরের বাসিন্দা রফিকউদ্দিন (৬০), তার স্ত্রী নার্গিস (৩৫), মেয়ে মেহেরুন্নেচ্ছা (১২), ছেলে ইসলাম (১৬), আকতার হোসেন (৯) এবং ওই এলাকার আহমেদের ছেলে নওশাদ (১০)।
আটক ভারতীয় নাগরিকরা জানান, পাঁচদিন আগে দিল্লি পুলিশ তাদেরসহ ৫৩ জনকে আটক করে বিএসএফ’র হাতে তুলে দেয়। রোববার রাতে বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়। এই ভারতীয় নাগরিকদের ধারণা, শুধুমাত্র মুসলমান হবার কারণে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে।
