কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি
কুষ্টিয়ায় স্কুল ছাত্রী রুনা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আদালত পাঁচজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন।
মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েতউল্লাহ সোমবার এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো- ইমারুল, মাহাতাব, কামাল, উজ্জ্বল প্রামাণিক ও নজরুল।
মামলার বিবরণে জানা গেছে, মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের কৃষক মকবুল মিস্ত্রির কন্যা মিরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রুনাকে একই এলাকার বখাটে যুবক শামসুদ্দিন প্রামাণিকের ছেলে ইমারুল প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে হুমকি দেয়।
ইমারুলের নেতৃত্বে তার ভাই মাহাতাব (২০), কামাল (১৬), উজ্জ্বল প্রামাণিক (২০), নজরুল (১৮), নুরুল ইসলাম (১৯), নবীউল্লাহ (২০) এবং আমিরুল (২০) ২০০৩ সালের ১৫ মে রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রুনাদের বাড়িতে যায় এবং পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বের করে আনে। বাড়ির পাশে একটি ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
এ ঘটনার পরদিন নিহতের ভাই লিটন মিস্ত্রি বাদি হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি জেলা মনিটরিং সেলে তালিকাভুক্ত হওয়ায় পরবর্তিতে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়।
