ড. সিতারা পারভীনের নামে পদক প্রদান ও তাঁর লেখা সংকলিত আকারে প্রকাশের প্রস্তাব
প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীনের স্মৃতি রক্ষায় তাঁর নামে সাংবাদিকতা ও গবেষণায় পদক প্রদান এবং তাঁর সকল লেখা সংকলিত আকারে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে ১০ জুলাই বিকেলে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এ প্রস্তাব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) যৌথভাবে এ সভার আয়োজন করে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. গোলাম রহমানের সভাপতিত্বে সভায় প্রয়াত অধ্যাপকের স্বামী অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী এই প্রথমবারের মতো কোনও অনুষ্ঠানে তার স্ত্রী ও দীর্ঘদিনের সহকর্মী সিতারা পারভীনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মাহবুবুর রহমান, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং প্রয়াত অধ্যাপকের সহপাঠী ও সহকর্মীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন সভার অন্যতম আয়োজক এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু।
ড. আহাদুজ্জামান তার বক্তব্যে বলেন, যত দিন যাচ্ছে সিতারা পারভীনের অস্তিত্ব আমার কাছে তত বড় হয়ে উঠছে। এখন আমি মানসিকভাবে তাকে আরও অনেক বেশি সময় দিচ্ছি।
তিনি আরও বলেন, তার মৃত্যুর পর সবধরনের মানুষ আমার পাশে যেভাবে এগিয়ে এসেছে, তাতে মানুষ সম্পর্কে আমার সীমাবদ্ধ ধারণা অনেক প্রসারিত হয়েছে।
ড. সাখাওয়াত আলী খান বলেন, সিতারা পরভীন শুধু একজন ভালো শিক্ষক নন, একজন উদার মানুষ ছিলেন। শিক্ষার্থীরা তাঁর জীবন থেকে অনেক কিছু শিখতে পারে।
ড. আরেফিন সিদ্দিক বলেন, সিতারা পারভীন তাঁর যে মহৎ কর্ম ও স্মৃতি রেখে গেছেন, আমরা যদি সেগুলোকে সুষ্ঠভাবে কাজে লাগাতে পারি, তা হলেই তাঁর আত্মা সত্যিকারের শান্তি পাবে ।
ড.গোলাম রহমান বলেন, সিতারা পারভীনের মতো এমন øিগ্ধ রুচির মানুষ আজ বড় একটা দেখা যায় না। তাঁর মতো মানুষের প্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।
সভা উপস্থাপনা করেন বিভাগের সাবেক ছাত্র মীর মাসরুর জামান।
সভার শেষে সিতারা পারভীনের নামে পুরস্কারের জন্য ট্রাস্ট গঠনের খসড়া প্রস্তাব ও নীতিমালা উপস্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীন বাংলাদেশ সময় অনুযায়ী ২৩ জুন দিবাগত মধ্যরাতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
