পঞ্চগড়ে এসএসসি‘র ফলাফলে বিপি সরকারি উচ্চ বিদ্যালয় সেরা
এসএসসি পরীক্ষায় এবারও পঞ্চগড় জেলায় সেরা ফলাফল অর্জন করেছে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন এবং মানবিক বিভাগ থেকে চারজন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশ তিনজন।
শনিবার বিকেলে ভাল ফলাফলে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের অনুভূতি প্রকাশ করেছে। অনেকে এসময় সাফল্যের আনন্দে কেঁদে ফেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আখতারুজ্জামান বিডিনিউজকে জানান, বিশেষ কোচিং, মডেল টেস্ট ও বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল সম্ভব হয়েছে।
জানা যায়, ২০০৩ ও ২০০৪ সালেও বিপি সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় পঞ্চগড় জেলায় সেরা ফলাফল অর্জন করেছিল।
