যুক্তরাজ্যের বাংলাদেশীরা আতঙ্কের মধ্যে আছে : মোফাজ্জল করিম
যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এরপর কী ঘটবে তারা এ নিয়ে ব্যাপক উদ্বেগে দিন কাটাচ্ছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মোফাজ্জল করিম এ কথা জানিয়েছেন।
টেলিফোনে বিডিনিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লন্ডনের জীবনে এখনও স্বাভাবিকতা আসেনি। সপ্তাহান্তে শনিবার লন্ডনের রাস্তাঘাটে লোক চলাচল ছিল খুবই কম।
তিনি জানান, বৃহস্পতিবারের বোমা হামলায় বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাহারা ইসলামের নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। তবে তারা শাহারা ইসলাম ছাড়া অন্য কোনও বাংলাদেশীর আহত হওয়া বা ক্ষয়ক্ষতির খবর পান নি।
করিম বলেন, আমি ব্যাংক ক্যাশিয়ার শাহারা ইসলামের চাচার সঙ্গে কথা বলেছি। ঘটনার দিন শাহারা তার বাসা পূর্ব লন্ডনের প্লেইসটো থেকে ইলিংটনে তার অফিসে যাচ্ছিল। সম্ভবত অসংখ্য নিখোঁজ ব্যক্তির মধ্যে শাহারাও রয়েছে। আমি পুলিশের সঙ্গেও কথা বলেছি। তারা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, শুক্রবার জুম্মার নামাজের আগে তিনি পূর্ব লন্ডন মসজিদে এর চেয়ারম্যান ড. বারী এবং ইমাম মাওলানা আব্দুল কাইউমের সঙ্গে বক্তৃতা দিয়েছেন।
তিনি বলেন, নামাজ পড়তে আসা মানুষকে আমরা শান্ত থাকতে এবং ধৈর্য ধরতে বলেছি। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছি এবং সবাইকে বলেছি অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে মিলেমিশে থাকতে।
নিখোঁজ শাহারা ইসলাম প্রসঙ্গে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শাহারা নিজেকে ব্রিটিশ মুসলমান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করত।
বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে অফিসে যাওয়ার সময় শাহারা লন্ডনে-ই কর্মরত তার চাচা নাজমুল হাসানকে ফোন করেছিল। কিন্তু এ সময়ে রাস্তার বিশৃঙ্খলতার জন্য তার চাচা ফোন ধরতে পারেননি।
পরে যখন তিনি শাহারাকে কলব্যাক করেন তখন শাহারার বদলে তার ফোনের আ্যানসারিং মেশিনের আওয়াজ শুনতে পান। পরিবারের অন্য সদস্যরাও বহুবার চেষ্টা করে শাহারার সঙ্গে যোগাযোগ করতে পারে নি। তারা আশঙ্কা করছেন, বোমা হামলায় শাহারা হয় আহত বা নিহত হয়েছে অথবা বিধ্বস্ত পাতাল ট্রেনের ধ্বংসস্তুপে আটকে আছে।
