২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে এক সঙ্গে ১২টির বেশি নতুন আইপিও আসলে অর্থ সংকটের আশংকা করছেন ব্রোকাররা

পুঁজি বাজারে এক সঙ্গে ৯২ কোটি ৫০ লাখ টাকার ১২টির বেশি নতুন প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আসায় ব্রোকাররা শেয়ার লেনদেনে বড় ধরনের অর্থ সংকটের আশংকা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বাজারে নতুন আইপিও আগমনকে স্বাগত জানিয়ে তারা বিডিনিউজকে বলেন, বাজারে আরও উন্নত কোম্পানিকে নিয়ে আসা উচিত। পাশপাশি তারা বাজারে নতুন অর্থ আগমনের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেন।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সভাপতি শাইখ খান বলেন, নতুন আইপিও ছাড়লে লেনদেনকৃত প্রায় আটশ থেকে নয়শ কোটি টাকা বাজার থেকে চলে যেতে পারে।

তিনি বলেন, বিভিন্ন ব্রোকার হাউজ থেকে ইতোমধ্যে বিনিয়োগকারিরা অর্থ তুলে নিতে শুরু করেছে।

শাইখ খান বলেন, নতুন আইপিও ছাড়লে বাজারে শেয়ার লেনদেনের পরিমাণ কমে যাবে। বিক্রয়কৃত শেয়ার লেনদেনের অর্থের গন্তব্যই হবে নতুন আইপিওর দিকে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্র জানায়, কমিশন ইতোমধ্যে এ বছরের মধ্যে মোট ১৪টি কোম্পানির আইপিও ছাড়ার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ১০টি আইপিও আগামী দু মাসের মধ্যে বাজারে ছাড়া হবে। এছাড়া আরও তিনটি কোম্পানি বাজারে আসার জন্যে এসইসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বেনিফিশিয়ারি ওর্নাস (বিও) হিসাব সম্পর্কিত জালিয়াতির কারণে কমিশন প্রিমিয়ার ব্যাংকের আইপিও বাতিল করে।

সাবেক ডিএসই চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বলেন, সেকেন্ডারি বাজারে স্বল্পমেয়াদে নেতিবাচক প্রভাবের সম্ভবনা থাকলেও নতুন আইপিও ছাড়ার ঘটনা বাজারের জন্যে শুভ লক্ষণ।

তিনি বলেন, ইদানিং বাজারে নতুন বিনিয়োগকারীর আগমন ঘটছে। এদের বেশিরভাগই শিক্ষিত যুবক। ফলে বাজারে নতুন তহবিল আসছে।

সাবেক চেয়ারম্যান বলেন, সুদের হারের বৃদ্ধি বাজারের জন্যে ক্ষতিকারক প্রভাব ফেলবে না। বরং এপ্রিল ও মে’র সূচক পতন ইতোমধ্যে বাজারের বেশকিছুটা ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, বাজারের মূল বিনিয়োগকারিরা তাদের ভাল শেয়ার বিক্রি করে বাজার থেকে প্রাথমিক  শেয়ার কিনবে না।

ডিএসই’র পরিচালক ও ইকুইটি পার্টনারস লিমিটেডের স্বত্ত্বাধিকারি সাইফুল ইসলাম বলেন, নতুন আইপিও আসলে বাজারের ওপর খানিকটা চাপ পড়বে। তবে এই চাপ তেমন উল্লেখযোগ্য হবে না।

তিনি বলেন, আইপিও বিনিয়োগকারিরা সেকেন্ডারি বাজারে সাধারণ বিনিয়োগকারিদের চেয়ে ভিন্ন। নতুন আইপিও আসলে বর্তমান শেয়ার হোল্ডারদের পাঁচ থেকে দশ শতাংশ শেয়ার বিক্রির সম্ভাবনা রয়েছে।

এক প্রশ্নে এসইসি’র চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম বলেন, আইপিও আসলে সেকেন্ডারি বাজারে তহবিল আটকে পড়ার কোনও প্রমাণ নেই। এমনকি আইপিওতে অথিরিক্ত বিনিয়োগের কারণেও বাজারে নগদ তহবিলের সংকট দেখা যায়নি।

তিনি বলেন, বাজারে যাতে মূলধন সংকট না হয় এ জন্যে এসইসি প্রাথমিক শেয়ার বরাদ্দের প্রস্তাব প্রদানের ক্ষেত্রে প্রতিটি কোম্পানির মধ্যে ব্যবধান রেখেছে।

পুঁজি বাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, প্রস্তাবিত কোম্পানির আইপিওতে নতুন পুঁজির আগমন তখনই ঘটবে, যদি কোম্পানিটি সবদিক দিয়ে ভাল হয়।

তিনি অবশ্য বলেন, বাজারে আরও বেশি ভালো শেয়ারের প্রয়োজন। মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়া উচিত।  

ডিএসই সূত্র জানায়, নতুন আইপিও’র প্রস্তাবিত মূলধনের চেয়ে আবেদন সাধারণত আট বা নয় গুণ বেশি হয়। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, সাড়ে চার কোটি টাকার প্রস্তাবের বিপরীতে শেয়ারের আবেদন পড়ে ৭০ কোটি টাকা।

পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লি., পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি. এর আইপিওতে প্রস্তাবের বিপরীতে অধিক শেয়ারের আবেদন জমা পড়ে। এই কোম্পানিগুলোর প্রস্তাবনায় ছিল যথাক্রমে ৬ কোটি ৮০ লাখ, সাড়ে চার কোটি টাকা করে । এর বিপরীতে আবেদন জমা পড়ে যথাক্রমে ৩৮ কোটি, ৭০ কোটি, ও ১০০ কোটি টাকা।

বর্তমানে সেকেন্ডারি বাজারে ৬৩ হাজার বিও হিসাব রয়েছে।