ক্রসফায়ারে নিহত ৩
রাজধানীর মোহাম্মদপুর ও নারায়নগঞ্জে শনিবার পৃথক ঘটনায় পুলিশের সাথে ক্রসফায়ারে দুই সন্ত্রাসী এবং রাজশাহীতে র্যাবের সাথে ক্রসাফায়ারে এক চরমপন্থি নিহত হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ শনিবার সকালে জানায়, নিহত খন্দকার ইকবাল হেসেন দীপ ওরফে গলাকাটা মাসুমকে (৩০) শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশের সাথে ক্রসফায়ারের ঘটনাটি ঘটে শনিবার ভোরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে।
পুলিশ জানায়, নিহত দীপ ছিল গরিব বেকার যুবক। তার বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে কোনও অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড দেখাতে পারেনি পুলিশ।
এসআই সোবহানের সাথে যোগাযোগ করলে তিনি বিডিনিউজকে জানান, গ্রেফতারের পর দীপের স্বীকারোক্তি অনুযায়ী, অস্ত্র ও তার সহযোগীদের আটক করতে ডিবি সদস্যরা তাকে নিয়ে ঐ এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা গুলি চালিয়ে দীপ কে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় বন্দুক যুদ্ধ শুরু হলে দীপ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
তবে সকালে ডিবি পুলিশ গ্রেপ্তারের পর ক্রসফায়ারের কথা স্বীকার কলেও বিকালে আবার ভিন্ন কথা বলে। তারা জানায়, তারা দীপকে গ্র্রেফতার করে নি। ডিবির সঙ্গে সন্ত্রাসীদের ক্রসফায়ারের সময় দীপ নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি পিস্তল উদ্ধার করেছে।
অন্যদিকে নারায়নগঞ্জের বন্দর থানাধীন মুরাদপুর এলাকায় শনিবার ভোরে পুলিশের সাথে ক্রসফায়ারে মকবুল হোসেন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
পুলিশ জানায়, আলী আহমদের ছেলে মকবুল তালিকাভুক্ত সন্ত্রাসী সুরত আলী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে সিদ্ধরগঞ্জ ও বন্দর থানায় হত্যাসহ ১৭ টি মামলা রয়েছে।
মকবুলকে শুক্রবার বিকেলে সোনারগাঁও থানা পুলিশ আটক করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে নিয়ে অন্ত্র ও তার সহযোগীদের আটক করতে মুরাদপুর এলাকায় গেলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়।
বন্দুকযুদ্ধে মকবুল ঘটনাস্থলে মারা যায়।
রাজশাহীর মোহনপুর উপজেলার বেলগাছি এলাকায় শুক্রবার মধ্যরাতে র্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত হয়েছে।
নিহতের নাম এসএম গোলাম মর্তুজা ওরফে চাঁদ (২৮)। সে বাগামারা উপজেলার তাহেরপুর বাজারের শেখ গোলাম মাওলার ছেলে।
র্যাব সূত্র জানায়, নিহত চাঁদ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা’র) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ সন্ত্রাস ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁদ বিপ্লবী ছাত্রমৈত্রীর বাগমারা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক। পরিবারের দাবি, চাঁদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা থাকলেও সে কোন চরমপন্থি দলের সাথে জড়িত ছিলনা। তাকে রাজনৈতিক উদ্দেশে র্যাব ক্রসফায়ারের নামে হত্যা করেছে।
র্যাব সূত্র আরও জানায়, র্যাবের একটি দল সাত জুলাই তাহেরপুর বাজার এলাকা থেকে চাঁদকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার মধ্যরাতে চাঁদকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সহযোগিদের গ্রেফতারের জন্য র্যাব সদস্যরা মোহনপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক দেড়টায় বেলগাছি নামক স্থানে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর চাঁদকে গুলিবিদ্ধ অবস্থায় খয়রা বাজার-বেলগাছি সড়কের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে এক কিলোমিটার দুরের রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষনিকভাবে দ্রুত চিকিৎসার জন্য তাকে মোহনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড পয়েন্ট ১২ বোর বন্দুকের গুলি এবং একটি ছোরা উদ্ধার করে।
