লন্ডনে বোমা হামলাকারীদের সন্ত্রাসী হিসেবেই দেখা উচিত: মোর্শেদ খান
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান শনিবার বলেছেন, লন্ডনে বোমা হামলায় জড়িতদের ধর্ম, বর্ণ, সম্প্রদায়গত পরিচয়ের বাইরে কেবল সন্ত্রাসী হিসেবেই দেখা উচিত।
তিনি বলেন, এটা খুবই পরিষ্কার, এ ধরনের ঘৃণ্য, বর্বরোচিত এবং কাপুরুষোচিত হত্যাকা- যারা ঘটায়, তারা অবশ্যই সন্ত্রাসী এবং তাদের সেভাবেই দেখা উচিত। এটি সকল সম্প্রদায়ের জন্যে একটি ভয়াবহ দুর্যোগ। আমাদের সবাইকে একযোগে এ দুর্যোগ মোকাবেলা করতে হবে।
লন্ডনে পাতাল রেলে বোমা হামলার ঘটনায় এক বাংলাদেশী মেয়ে নিহত হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ ব্যাপারে সুস্পষ্ট কোনও তথ্য এখনও তাদের কাছে পৌঁছেনি। তবে তিনিও এরকম একটি ঘটনা ঘটেছে বলে শুনেছেন।
তিনি বলেন, লন্ডনে আমাদের হাই কমিশনার পূর্ব লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরে অনেক বাংলাদেশীর সাথে কথা বলেছেন। তিনি টাওয়ার হ্যামলেটের মেয়রের সাথেও কথা বলেছেন। আমরা এখন আরও তথ্য জানার চেষ্টা করছি।
যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশীরা আতঙ্কের মধ্যে রয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে জানান, তিনি মনে করেন, বিশ্ব সম্প্রদায় বিষয়টি অনুধাবন করতে পারবে এবং যুক্তরাজ্যের লোকরা সংস্কারমুক্ত সমাজে বসবাস করেন। তিনি বলেন, নিরীহ মানুষের ওপর আক্রমণ চালানো হলে সেটাও হবে সমান দুর্ভাগ্যজনক।
