২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনায় গাজীপুরে ডুয়েট ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, ৮ ছাত্র আহত

বাস শ্রমিকদের দুর্ব্যবহারের অভিযোগে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)’র ছাত্ররা যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোঁড়ে। ডুয়েটের আট ছাত্র এতে আহত হয়।

বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছাত্র-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে সাতটার দিকে ডুয়েট গেটের সামনে গোলযোগের সূত্রপাত হয়।

স্থানীয় গাজীপুর পরিবহনের হেলপারের সাথে জনৈক ছাত্রের ভাড়া নিয়ে বচসা হয়। ছাত্ররা পরে ওই পরিবহনের দু’টি মিনিবাস আটক করে ক্যাম্পাসের ভেতর নিয়ে যায়। ছাত্ররা ক্যাম্পাসের সামনে গাজীপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং গাজীপুর পরিবহনের দুটি কাউন্টারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসময় ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

বৃহস্পতিবার পুলিশের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা না হওয়ায় ছাত্ররা আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে। সকাল ১১টার দিকে ছাত্ররা ক্যাম্পাস থেকে একটি মিনিবাস সড়কে এনে তাতে আগুন ধরিয়ে দেয় এবং অপর বাসটি ভাংচুর করে। এসময় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং ১৬-১৭ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

দুপুরে এ রিপোর্ট লেখার সময় ডুয়েটের ভিসি আনোয়ারুল আজীমের কক্ষে জেলা প্রশাসক ম. ফজলে রাব্বী, পুলিশ সুপার আতিকুল ইসলামের উপস্থিতিতে ছাত্র-শ্রমিক সমঝোতা বৈঠক চলছিল।