ঢাবি’র তিনটি আবাসিক হলের নামকরণে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের নামকরণে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সন্ত্রাস ও সাম্বপ্রদায়িকতা বিরোধী ছাত্র জোট।
বুধবার ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। ছাত্রলীগসহ সাতটি বিরোধী দল সমর্থিত ছাত্র সংগঠনের মোর্চা ছাত্র জোট সম্মেলনে অভিযোগ করে, বিশ্ববিদ্যালয়ের আইন লংঘন করে প্রস্তাবিত ছাত্রী হলের নামকরণ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও বলেন, কোন জীবিত ব্যক্তির নামে আবাসিক হলের নামকরণ বিশ্ববিদ্যালয়ের আইন অনুমোদন করে না।
তারা প্রস্তাবিত ছাত্রী হলের নাম প্রখ্যাত কবি সুফিয়া কামালের নামে রাখার দাবি জানায়।
সম্মেলনে এসএম হল এবং একে ফজলুল হক হলের নামের সঙ্গে ‘মুসলিম’ শব্দ যুক্ত করার সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়, এতে বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
দাবি আদায়ের লক্ষ্যে তারা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ, মানব বন্ধন এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
