চাঁদাবাজির অভিযোগে ইউএনওকে শো’কজ
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নানকে সহকর্মীদের কাছ থেকে লিখিতভাবে চাঁদাবাজির অভিযোগে শো’কজ করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দ আহসানুল হক এ শো’কজ করেন।
সূত্র জানায়, আগামী তিন দিনের মধ্যে শো’কজের জবাব দিতে বলা হয়েছে।
সূত্র আরও জানায়, ১৭ বছর আগের বহুল আলোচিত একটি ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মফিজউদ্দিনের কন্যার বিয়ে উপলক্ষ্যে তানোরের দেওতলাতে ৮ জুলাই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে দু’জন মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান ১ জুলাই লিখিতভাবে সহকর্মীদের কাছে চাঁদা দাবি করেছেন।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন অফিস প্রধানদের ১৫০ টাকা, অন্যান্য কর্মকর্তাদের ১০০ টাকা, তৃতীয় শ্রেণীর কর্মচারিদের ৭৫ টাকা এবং চতুর্থ শ্রেণীর কর্মচারিদের কাছে ৫০ টাকা করে চাঁদা দাবি করেন। ৩ জুলাইয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারিদের কাছে দাবিকৃত চাঁদার টাকা জমা দেয়ার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত নির্দেশ দিয়েছেন।
