টেস্ট দলে জায়গা করে নিতে চান ওপেনার শাহরিয়ার নাফিস
ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বাংলাদেশ দলের বাঁ-হাতি ওপেনার শাহরিয়ার নাফিস আগামী সেপ্টেম্বরে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজে টেস্ট দলে জায়গা করে নিতে চান।
ন্যাটওয়েস্ট সিরিজের তৃতীয় ম্যাচে আরেক ওপেনার নাফিস ইকবালের পরিবর্তে দলে জায়গা করে নেয়া শাহরিয়ার নাফিস জানান, শ্রীলংকার বিরুদ্ধে সিরিজেই তিনি টেস্ট ক্যাপ পরতে আগ্রহী।
দীর্ঘ ইংল্যান্ড সফর শেষে রোববার দেশে ফিরে বিমানবন্দরে শাহরিয়ার বিডিনিউজকে বলেন,‘ ওয়ানডেতে ভালো খেলার পর আমি এখন টেস্ট খেলতে আগ্রহী।’ তিনি জানান, বাংলাদেশের ওপেনিংয়ে বাঁ এবং ডান-হাতি কম্বিনেশনের বিরুদ্ধে বোলিং করতে প্রতিপক্ষের বোলাদের বেশ সমস্যা হয়েছে।
১৯ বছর বয়স্ক এই ওপেনার ১৫ জুলাই থেকে শুরু হওয়া বাংলাদেশ এ দলের ইংল্যান্ড সফরে নেতৃত্ব দেবেন।
এক প্রশ্নের জবাবে নাফিস জানান, বাংলাদেশ এ দলের অধিনায়কত্বের খবর পাওয়ার তিনি একটু আশ্চর্যই হয়েছেন। এর আগে অনুর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে শাহরিয়ারের।
জাতীয় দলের সদস্য নাফিস ইকবাল, শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ ও তুষার ইমরানসহ সবমিলিয়ে দশজন টেস্ট অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছেন এ দলে।
বাংলাদেশ এ দলের ইংল্যান্ড সফর বেশ কঠিন হবে বলে মনে করেন শাহরিয়ার নাফিস কারণ, সফরে কাউন্টি ও অন্যান্য বেশ কয়েকটি শক্তিশালী দলের সাথে তাদের লড়তে হবে।
ন্যাটওয়েস্ট সিরিজের চার ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ৭৫ রানসহ মোট ১৩৩ রান করেন এই বাঁ-হাতি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে খুব একটা সফল ছিলেন না। এক্ষেত্রে সর্বসাকুল্যে তার সংগ্রহ ২১ রান। তার এই ব্যর্থতার কারণ হিসেবে নাফিস ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের উত্তেজনাকে দায়ী করেছেন।
