২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনা: ৬ মাসের কনিষ্ঠতম যাত্রী বেঁচে গেলো যেভাবে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত ডিসি - ১০ বিমানের ২০০ যাত্রীর মধ্যে কনিষ্ঠতম ছয় মাস এক দিন বয়সী আব্দুর রহমান জ্ঞান হারিয়ে ফেলেছিল। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আব্দুল হামিদ এবং নাজমা বেগম তাদের একমাত্র সন্তান আব্দুর রহমানকে নিয়ে দুবাই থেকে ফিরছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিমান রানওয়ে স্পর্শ করার সাথে সাথে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। এক পর্যায়ে নাজমা বেগম শিশু আব্দুর রহমানসহ সামনের দিকে ছিটকে পড়েন। কোনক্রমে নিজেকে সামলে নাজমা বেগম দেখেন তার সন্তান জ্ঞান হারিয়ে ফেলেছে।

বিমানটি থামার সাথে সাথে যাত্রীরা সবাই হুড়মুড় করে নেমে পড়েন জরুরী নির্গমন দিয়ে। এই সময় আব্দুল হামিদ ও নাজমা বেগমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অনেক যাত্রী প্রাণ বাঁচানোর আশায় নেমে আসেন। কোনো রকমে অজ্ঞান সন্তানকে নিয়ে আব্দুল হামিদ ও নাজমা বেগম বিমান থেকে নেমে আহাজারি শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর সদস্যরা শিশু আব্দুর রহমানকে নিয়ে যায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। এখানে দেড় ঘন্টা পর আব্দুর রহমানের জ্ঞান ফিরে।

আব্দুল হামিদ ও নাজমা বেগম বিডিনিউজকে জানিয়েছেন, আমাদের একমাত্র সন্তান জ্ঞান হারিয়ে ফেলার পর আর কিছু খেয়াল ছিলনা। শুধু আল্লাহ - আল্লাহ করেছি তিনি যেনো আমাদের প্রাণের বিনিময়ে হলেও আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখেন।

চট্টগ্রাম - কলকাতা কানেকটিং ফ্লাইটের যাত্রী ভারতীয় নাগরিক আসিফ আহমদ ও সঞ্জয় ভৌমিক দুবাই থেকে ফিরছিলেন দুর্ঘটনা কবলিত বিমানযোগে। অলৌকিকভাবে প্রাণ রক্ষা পাওয়া তারা বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিমান থেমে যায়। সবার সাথে হুড়[মুড় করে নামার পর বুঝতে পেরেছি ঈশ্বর কতটুকু সহায় ছিলেন।

“কেমনে বাঁচছি কইতে পারুম না, আল্লাহ জানেন, তবে আর যাইতাম না বাংলাদেশ বিমানে” -- বারবার শধু এ কথাই বলছিলেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা হাসিনা বেগম।(৪৫)।

তিনি দুবাইতে গৃহপরিচারিকার কাজ করেন। এক মাসের ছুটিতে দেশে এসেছেন। আগামী মাসেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার দুবাই ফিরে যাওয়ার কথা। দুর্ঘটনা সম্পর্কে তিনি বিডিনিউজকে বলেন, দুবাই না গেলে না যামু, বাংলাদেশ বিমানে আর চরমুনা।

একই বক্তব্য সাভারের সুফিয়া বেগমের (৪০)। তিনিও রিটার্ন টিকেট নিয়ে দেশে এসেছেন।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে দুর্ঘটনা কবলিত বাংলাদেশ বিমানের ডিসি -১০ এর ২০০ যাত্রীর মধ্যে মহিলা ও শিশু ছিল পাঁচজন।