২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ৫টি মাছ ধরার ট্রলার ডুবে ১০ জেলে নিখোঁজ, বান্দরবানে ডুবে গেছে চাল বোঝাই ইঞ্জিন বোট

বঙ্গোপসাগরে বুধবার রাতে প্রবল ঢেউয়ে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে ১০ জন জেলে নিখোঁজ হয়েছে এবং বান্দরবানে চাল বোঝাই একটি ইঞ্জিন বোট ডুবে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 06:08 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বাগেরহাট থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, সাগরের উত্তাল এলাকায় পাঁচটি মাছ ধরার ট্রলার প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

সাগর থেকে ফিরে আসা জেলেরা জানান, কচিখালী, সেন্টমার্টিন ও কুকিলারচরের অদুরে এসব ট্রলার ডুবে যায়। এসময় অধিকাংশ মাঝি ও জেলে সাঁতরিয়ে ও অন্যান্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হলেও ১০ জন জেলেকে খুঁজে পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারগুলো মাছ ধরা শেষে স্ব স্ব এলাকায় ফিরছিল।

বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের শংখ নদীতে বুধবার ভোররাতে চাল বোঝাই একটি ইঞ্জিন বোট ডুবে যায়। এতে তিন জন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। তারা সাঁতরিয়ে তীরে উঠে আত্মরক্ষা করেন।

পুলিশ জানায়, রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আরআরএমপি প্রকল্পের আওতায় দুঃস্থ মহিলাদের জন্যে সাড়ে চার মেট্রিক টন চাল বোঝাই করে যাওয়ার সময় জেলা সদরের থানা ঘাটে এদুর্ঘটনা ঘটে।