২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিলিফ কূপ খননে পেট্রোবাংলার কাছে নাইকোর ওয়ার্ক প্রোগ্রাম

টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রের অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ২য় রিলিফ কূপ খননের লক্ষ্যে বৃহস্পতিবার নাইকো তাদের ওর্য়াক প্রোগ্রাম অনুমোদনের জন্য পেট্রোবাংলার কাছে পেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এর আগে নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড এর প্রেসিডেন্ট কাশেম শরিফ বিদেশী দু’ বিশেষজ্ঞকে নিয়ে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কাছে এর একটি কপি হস্তান্তর করেন।

জ্বালানি উপদেষ্টা জানান, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কূপ খননের মূল কাজ শুরু হবে। এর আগে প্রস্তুতির পুরো কাজ শেষ হবে।

মাহমুদুর রহমান বিডিনিউজকে জানান, এবারের ওয়ার্ক প্রোগ্রাম দেখে মনে হচ্ছে নাইকো আগের চেয়ে অনেক বেশি সাবধানতা অবলম্বন করেছে। পেট্রোবাংলা তাদের এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং স্থানীয় বিশেষজ্ঞদের মতামত নিয়ে আগামী ৩/৪ দিনের মধ্যে এর অনুমোদন দেবে।

তিনি জানান, সেঞ্চুরী অস্ট্রেলিয়ার রিগটি আগামী রোববার মৌলভীবাজার ফিল্ড থেকে ছাতক ফিল্ডে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। এ কাজ শেষ করতে এ সপ্তাহ লাগবে বলে তিনি মনে করেন।

এদিকে প্রথম দফা ক্ষতিপূরণের জন্য নাইকো যে অর্থ প্রদান করেছে তা আগামী মঙ্গলবার থেকে জেলা প্রশাসন বিতরণ শুরু করবে।