নোবেল শান্তি পুরস্কারের জন্যে মনোনিত ১০০০ নারীর মধ্যে বাংলাদেশের ১৬ জন
এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্যে দেড় শতাধিক দেশ থেকে সম্মিলিতভাবে এক হাজার নারী মনোনিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে মনোনিত হয়েছেন ১৬ জন নারী। ইতিমধ্যেই আলসোতে নোবেল শান্তি পুরস্কার কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন দাখিল করা হয়েছে।
বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশের নারী নেত্রীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মেলনে লিখিত ব্ক্তব্য পাঠ করেন সুলতানা কামাল এবং উপস্থিত ছিলেন হেনা দাস, এঞ্জেলা গোমেজ, সারা যাকের, মনোয়ারা মনু প্রমুখ। একই সময়ে এ অঞ্চলের দিল্লি, কলম্বো, কাঠমুন্ডু, লাহোর, ইসলামাবাদ এবং অন্য অঞ্চলগুলোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনিত ১০০০ জনের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে জানানো হয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন যাত্রার মান উন্নয়নের কাজে অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তারা মনোনিত হয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১০০০ জনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন দক্ষিণ এশীয় অঞ্চল থেকে। দক্ষিণ এশিয়ার ১৫৭ জন নারী মনোনিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ১৬ জন, নেপাল থেকে ৯ জন, পাকিস্তান থেকে ২৯ জন, শ্রীলংকা থেকে ১২ জন ও ভারত থেকে ৯১ জন মনোনয়ন পেয়েছেন।
বাংলাদেশ থেকে মনোনয়নপ্রাপ্তরা হচ্ছেন শিরিন বানু, রাফিজা বেগম, এবাদন বিবি, আশালতা বৈদ্য, নন্দ রানী দাস, হেনা দাস, এঞ্জেলা গোমেজ, খুশী কবীর, রোকেয়া কবীর, রাহেলা খাতুন, সুফিয়া খাতুন, এসএম মনোয়ারা বেগম মনু, বেগজাদি মাহমুদা নাসির, মহুয়া পাল, মাসুদা খানম রত্না ও সন্ধ্যা রায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০০০ নারীকে মনোনিত করার বিষয়টি সুইস উদ্যোগে শুরু হলেও এখন এটি বিশ্বব্যাপি সমর্থনপুষ্ট একটি প্রকল্প। এতে পৃথিবীর ২০ টি অঞ্চলের অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে। এই প্রকল্পে সুইস পররাষ্ট্র মন্ত্রী মিচেলাইন কেলমিরে, ইউনিফেম, ইউএনডিপি ইউনেস্কো, সুইজারল্যান্ডের সহায়তা আছে।
সম্মেলনে আরও জাননো হয়, এ বছরের শেষে ১০০০ নারীর উপরে একটি বই প্রকাশ করা হবে। পৃথিবীর কয়েক শত সাংবাদিকের লেখা এই বইয়ে তাদের কাজ, দৃষ্টিভঙ্গি এবং জীবন কাহিনী তুলে ধরা হবে।
