নাইকো জনগণের ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ১৩ লাখ টাকা দিয়েছে
টেংরাটিলা নামে পরিচিত সুনামগঞ্জের ছাতক গ্যাস ক্ষেত্রে জানুয়ারি মাসে সংঘটিত প্রথম দুর্ঘটনায় স্থানীয় জনগণের ক্ষতির পুরো টাকা প্রদান করেছে কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড।
বুধবার বাপেক্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দিন নাইকোর দেয়া ১ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৩৭৬ টাকার চেক নিয়ে ঘটনাস্থলে গেছেন। তিনি এই চেক সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করবেন। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের মধ্যে এই টাকা বিতরণ করবে। এর আগে নাইকো জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দপ্তরে ক্ষতিপূরণ টাকার চেক পৌঁছে দেয়।
গত ৭ জানুয়ারি ছাতক গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার পর স্থানীয় জনগণের ক্ষয় ক্ষতি নির্ধারণের জন্য জেলা প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির হিসেবে এই দুর্ঘটনায় জনগণের মোট ক্ষতির পরিমাণ ১ কোটি ১৩ লাখ ২৭ হাজার টাকা। এর প্রথম কিস্তি ৫ লাখ ৬৮ হাজার ৬২৪ টাকা নাইকোর পক্ষ থেকে গত সপ্তাহে প্রদান করা হয়।
বাকি অর্থ বুধবার নাইকো প্রদান করে। এর বাইরে স্কুল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষয় ক্ষতি বাবদ নাইকো ৬ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছে।
অন্যদিকে দুর্ঘটনার পরপরই নাইকোর পক্ষ থেকে জরুরি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসাবে ৬২৪ টি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। দুর্ঘটনার কারণে যে ৫৭টি পরিবার বসতবাড়ি ছাড়া হয়েছে তাদের মাসে ১০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। এবার রিলিফ কূপ খনন শুরুর আগে আরো ২৩টি পরিবারকে বসতবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়। আগের ২৩টি পরিবারের মতো নিজ গৃহে ফিরে না আসা পর্যন্ত তাদেরও মাসে ১০ হাজার টাকা করে দেয়া হবে।
