২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের কাজ ডিসেম্বরে শুরু হচ্ছে

চলতি বছর ডিসেম্বর নাগাদ শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের কাজ। এ লক্ষ্যে ৬ জুলাই ইতালির ঠিকাদারি প্রতিষ্ঠান টিএমই’র (টার্মো মেরিক ইকোলজিয়া) একটি প্রতিনিধি দল চট্টগ্রাম আসছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানিয়েছে, টিএমই’র দাবীকৃত প্রকল্প ব্যয় ১০ শতাংশ বৃদ্ধির অতিরিক্ত ৮ কোটি ৮৮ লাখ টাকা ইতালি সরকার দেয়ার আগ্রহ প্রকাশ করায় অবশেষে প্রকল্পের কাজ শুরু হচ্ছে।

প্রকল্পের পরিচালক প্রকৌশলী একেএম নজরুল হক বিডিনিউজকে জানান, সময়মতো প্রকল্পের কাজ শুরু না হওয়ায় টিএমই ২০০৩ সালের নভেম্বরে তাদের দেশে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণ দেখিয়ে প্রকল্প ব্যয় ১০ শতাংশ বৃদ্ধির দাবী করে। এখন তারা সেই ১০ শতাংশ বৃদ্ধিতে কাজ করবে কিনা সেব্যাপারেই মূলত প্রতিনিধি দলের সাথে আলোচনা হবে। আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ডিসেম্বরেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান পানি সংকট নিরসনে ১৯৯৯ সালে ৮৮ কোটি টাকা ব্যয়ে ইতালি ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প হাতে নেয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ইতালি সরকারের ৫২ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের ৩৬ কোটি টাকা দেয়ার কথা ছিল।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন এক কোটি গ্যালন বৃদ্ধি পাবে ।