শ্রমিক অসন্তোষের কারণে কুমিল্লা ইপিজেডের উৎপাদন বন্ধ
তীব্র অসন্তোষের কারণে কুমিল্লা ইপিজেডের উৎপাদন কার্যক্রম রোববার থেকে বন্ধ হয়ে গেছে। কুমিল্লা ইপিজেডের চারটি বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের তিন শতাধিক শ্রমিক বিক্ষোভ প্রদর্শন ও জেলা প্রশাসকের কাছে আট দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।
সূত্র জানায়, কুমিল্লা ইপিজেডে কোরিয়ান কোম্পানি ডিএন্ডএস মুডের জেনারেল ম্যানেজার চিংলী কাইসী বাদি হয়ে ফ্যাক্টরিতে হামলা, মারধর, ভাংচুর এবং চুরির বিষয়ে ফ্যাক্টরির শ্রমিক নেতা রফিকসহ ২৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় ২৫ জুন একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় কোম্পানির শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ওই দিন দুপুর একটায় ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক এইচ এস জ্যাংগ ফ্যাক্টরির শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। কুমিল্লা ইপিজেডের জেনারেল ম্যানেজার ফজলুর রহমানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর সমঝোতা না হওয়ায় বৈঠক ভেস্তে যায়।
এদিকে, ২৫ জুন বিকাল ৪টায় ডিএন্ডএস মুডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এস জ্যাংগ ঢাকার উদ্দেশ্যে ফ্যাক্টরি ছেড়ে চলে যান। তার যাওয়ার পরপরই তার স্বাক্ষরিত একটি নোটিশ ফ্যাক্টরির গেইটে টানিয়ে দেওয়া হয়। এই নোটিশ পেয়ে ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ডিএন্ডএস মুডের বিক্ষুব্ধ শ্রমিকরা ইপিজেডের প্রধান গেইটের বাইরে জমায়েত হতে থাকে।
এ সময় ইপিজেডে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়। এর ফলে শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকাল ৯টায় ইপিজেডে অবস্থিত হংকং-এর মালিকানাধীন প্রতিষ্ঠান নরপাল, ফ্রান্সের মালিকানাধীন প্রতিষ্ঠান ও সাং গেইট, চায়না-বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইয়ং তাই ফ্যাক্টরির শ্রমিকরা কাজ ছেড়ে দলে দলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে মিলিত হয়। সকাল ১০টায় চারটি প্রতিষ্ঠানের ৩ শতাধিক বিক্ষুব্ধ মহিলা ও পুরুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবির প্রেক্ষিতে একটি স্মারকলিপি পেশ করে।
এসময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রফিকুল ইসলাম, রানা মজুমদার রনি আহমদ প্রমুখ।
