প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট
দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং মাগুরা প্রতিনিধির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম মঙ্গলবার স্থগিত করেছে হাইকোর্ট।
বিচারপতি এসকে সিনহা এবং বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম কেন স্থগিত করা হবে না এ মর্মে কারণ দর্শানোর জন্য সরকার ও বাদি পক্ষের প্রতি রুল জারি করেছে।
২০০১ সালের ২১ ডিসেম্বর প্রথম আলো পত্রিকায় ‘মোহাম্মদপুরে বিএনপি নামধারীদের সন্ত্রাস, চাঁদাবাজী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে স্থানীয় বিএনপি কর্মী ও বুয়েট ছাত্রী সাবেকুন্নাহার সনি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মুসফিকুর রহমান টগরের ভাই মেসবাহ উদ্দিন কায়েস ৩০ ডিসেম্বর ২০০১ মাগুরার ১ম শ্রেনীর আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটি বাতিলের জন্য আসামীপক্ষ হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
