আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে: মার্কিন উপ-সহকারী মন্ত্রী
সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী মন্ত্রী জন এ গ্যাস্টরাইট জুনিয়র মঙ্গলবার আহমদিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে বলেন, আহমদিয়া সম্প্রদায়সহ সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের।
নগরীর বকশিবাজারে আহমদীয়া জামাতের প্রধান কার্যালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, দুর্বলদের সুরক্ষায় সরকারের পদক্ষেপ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখছি, আহমদিয়াদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, তারা সংখ্যালঘু বিশেষ করে আহমদিয়াদের অধিকার রক্ষায় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন।
গ্যাস্টরাইট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় দৃষ্টি রাখছে। তিনি আরও বলেন, গত ২১ মাসে সারাদেশে আহমদিয়া সম্প্রদায়ের ওপর ১৯টি হামলা হয়েছে।
বাংলাদেশ সরকার আহমদিয়াদের অধিকার রক্ষায় সম্প্রতি ঢাকা সফরকালে আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নসকে আশ্বস্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।
