চট্টগ্রাম বন্দরের নিউমুরিং এলাকা থেকে নৌবাহিনীর ঘাঁটি সরিয়ে নেওয়ার সুপারিশ করবে সংসদীয় কমিটি
নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং এলাকা থেকে নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খাঁ সরিয়ে নেওয়ার সুপারিশ করবে।
সংসদীয় কমিটির ৬ জুলাই এর বৈঠকে এ সংক্রান্ত সুপারিশমালা চূড়ান্ত করা হবে বলে বন্দরের উর্ধ্বতন একটি সূত্র জনায়।
কমিটির সদস্য চট্টগ্রামের একজন সাংসদ বিডিনিউজকে জানান, ৬ জুলাই এর বৈঠকে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে, তার মধ্যে একটি হচ্ছে নৌ ঘাঁটি সরিয়ে নেয়া।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এএম শাহাদাত হোসেন বিডিনিউজকে বলেন, নৌ ঘাঁটি এলাকায় পানির গভীরতা বেশি, শুধু তাই নয়, এখানে পানির অভ্যন্তরীণ ঘূর্ণিও বিদ্যমান থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাছাড়া আগামী বছর সেপ্টেম্বর নাগাদ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালু হলে নৌ ঘাঁটি এলাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে তিনি জানান।
বন্দর সূত্র জানায়, বন্দর চ্যানেলের গুপ্তা এবং নিউমুরিং ব্যান্ডের মধ্যবর্তী স্থানে বিএনএস ঈশা খাঁ ঘাটি অবস্থিত। পানির গভীরতা বেশি থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। গত পাঁচ বছরে নৌ ঘাঁটির জাহাজের সাথে বাণিজ্যিক জাহাজের চারটি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় একটি কন্টেইনারবাহী জাহাজের সাথে সংঘর্ষে ঘাঁটির একটি পন্টুন বিধ্বস্ত হয়।
