টেংরাটিলার গ্যাস ক্ষতি নির্ধারণে আরো একটি কমিটি
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে নাইকোর রিলিফ কূপ খননকালে শুক্রবারের দুর্ঘটনায় সৃষ্ট অগ্নিকান্ডে কি পরিমাণ গ্যাসের ক্ষতি হয়েছে তা নির্ধারণে পাঁচ সদস্যের আরো একটি কমিটি গঠন করা হবে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডঃ এম তামিমকে প্রধান করে এই কমিটি হচ্ছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে ক্ষতির হিসেব দাখিলের অনুরোধ করা হতে পারে।
উল্লেখ্য, জানুয়ারি মাসে প্রথম দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রায় এক বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস পুড়ে গেছে। কি পরিমাণ গ্যাস পুড়েছে তা নির্ধারণে পরে পেট্রোবাংলা যে কমিটি করে তার হিসেবে ক্ষতির পরিমাণ ১০ বিসিএফ।
অন্যদিকে প্রথম দুর্ঘটনার পর পরিবেশের ক্ষতি নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালককে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছিল তা এবারের দুর্ঘটনার পরিবেশগত ক্ষতির উপরও রির্পোট দেবে। এই কমিটি এখনো প্রথম দুর্ঘটনায় পরিবেশগত ক্ষতির হিসেব চূড়ান্ত করতে পারেনি।
