শেখ রেহানার বাড়ি দখল করে ধানমণ্ডি থানা স্থাপন!
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কাছে সরকারের বিক্রি করা বাড়িটিতে ধানমণ্ডি থানা স্থাপন করা হয়েছে। সোমবার বিকাল থেকে শুরু হয়েছে ধানমণ্ডি থানার কার্যক্রম। নীলক্ষেতের সাবেক ধানমণ্ডি থানা ভবনটি এখন সদ্য প্রতিষ্ঠিত নিউ মার্কেট থানাকে দেওয়া হয়েছে।
ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ২১ নম্বর (পুরাতন ৪১) হোল্ডিংয়ের ওই বাড়িটি সরকার ২০০১ সালের ১১ জুলাই শেখ রেহানার কাছে বিক্রি করে।
অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের ২ জুলাই মন্ত্রিসভা কমিটির সভায় শেখ রেহানাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার অনুরূপ সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়।
সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকার উপযুক্ত এলাকায় আধুনিক সুবিধাসহ একটি বাড়ি কিনে বা নির্মাণ করে অথবা পরিত্যক্ত কোনো বাড়ি এক টাকার প্রতীক মূল্যে পূর্ণ মালিকানায় (সাফ কবলা) শেখ রেহানার কাছে হস্তান্তর। সিদ্ধান্ত হয়, শেখ রেহানা ও তার সন্তানদের এককালীন ১০ লাখ টাকার অনুদান প্রদান, সরকারি উদ্যোগে তার সন্তানদের দেশে বা বিদেশে শিক্ষার ব্যবস্থা করা এবং ২৫ বছর বয়স পর্যন্ত প্রত্যেককে মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদান।
এছাড়াও সরকারি খরচে শেখ রেহানার পরিবারের সদস্যদের দেশে ও প্রয়োজনবোধে বিদেশে চিকিৎসার ব্যবস্থা এবং তাদের জন্য একজন চালক ও পেট্রোলসহ একটি উপযুক্ত গাড়ি, টেলিফোন, একজন ব্যক্তিগত সহকারি, দুজন বেয়ারা, একজন বাবুর্চি, একজন মালি ও একজন ঝাড়ুদার নিয়োগের সুবিধা দেওয়া হয়।
সরকারি প্রজ্ঞাপন থেকে জানা যায়, একই ধরণের সুযোগ সুবিধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮১ সালের ২১ জুন থেকে তার স্ত্রী খালেদা জিয়া ভোগ করে আসছেন। সে সময় গুলশানের ১৯৬ সড়কে এনইডি/৩ বি হোল্ডিংয়ে প্রায় দেড় একর জমির ওপর নির্মিত পরিত্যক্ত বাড়িটি খালেদা জিয়াকে মাত্র ১০১ টাকা মূল্যে বিক্রয় (সাফ কবলা) দলিল হিসেবে রেজিস্ট্রি করে দেওয়া হয়।
১৯৮১ সালের ৮ জুলাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল সড়কে প্রায় আট বিঘা জমির ওপর নির্মাণ করা ৬ নম্বর বাড়িটি মাত্র এক টাকা খাজনা চার্জ করে লীজ দেওয়া হয়।
এছাড়াও খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা ১৯৮১ সাল থেকেই বিভিন্ন অনুদান, শিক্ষা, চিকিৎসা, গ্যাস, পানি, বিদ্যুত এবং স্টাফদের জন্য ব্যয় করা অর্থ সরকারি কোষাগার থেকে পেয়ে আসছেন।
সূত্র জানায়, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ২০০১ সালের ৯ জুলাই ঢাকার বিভাগীয় কমিশনার ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সভাপতিকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়।
বিভাগীয় কমিশনার ১১ জুলাই এক হাজার এক টাকা মূল্যে ধানমণ্ডি ৬ নম্বর সড়কে ৩৩ দশমিক ০৬ শতাংশ জমির ওপর নির্মাণ করা নতুন ২১ (পুরাতন ৪১) বাসাটি শেখ রেহানার বরাবরে বিক্রয় (সাফ কবলা) দলিল হিসেবে রেজিস্ট্রেশন করে দেয়। ১২ জুলাই দলিলের ফটোকপিসহ চিঠি দিয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর ও শেখ রেহানাকে ওই বরাদ্দের বিষয়ে জানানো হয়।
পরে শেখ রেহানাকে প্রতিশ্রুত অন্যান্য সুযোগ সুবিধা ছাড়াই বুঝিয়ে দেওয়া হয় বাসাটির দখল। তিনি সরকারি সুবিধা ছাড়াই ওই বাসায় তার ব্যক্তিগত কর্মচারিদের নিয়োগ দেন।
সূত্র আরও জানায়, জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালের জানুয়ারিতে ‘বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন’ বাতিল করে। বন্ধ করে দেওয়া হয় শেখ রেহানার জন্য বরাদ্দ করা যাবতীয় সুযোগ সুবিধা।
এ সময় সাফ কবলা মূলে শেখ রেহানার জন্য নির্মাণ করা ধানমণ্ডি ৬ নম্বর সড়কের ওই বাসার বরাদ্দ বাতিল করারও উদ্যোগ নেওয়া হয়। বাতিল করা ওই আইনের সাথে বাড়িটির বিক্রি নিয়ে কোনো সম্পর্ক না থাকায় দেখা দেয় আইনগত জটিলতা। ফলে সরকার বাড়িটির বরাদ্দ বাতিল করেনি।
তবে সরকার ২০০২ সালের জানুয়ারি মাসেই বাড়িটি আবার দখলে নেয়। সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার করা হয় ওই বাড়িতে অবস্থানরত শেখ রেহানার নয় জন ব্যক্তিগত কর্মচারিকে। মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
সাফ কবলা দলিল মূলে বিক্রি করা বাড়িটির বরাদ্দ বাতিল করা না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি আবাসন পরিদপ্তর ১৭ মার্চ ২০০৩ সালে বাড়িটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ভাড়া ও অন্যান্য কর পরিশোধ সাপেক্ষে হস্তান্তর করে। সেখানেই এখন ধানমণ্ডি থানার কার্যক্রম শুরু হয়েছে।
এ ব্যাপারে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, সরকারি আবাসন পরিদপ্তর প্রায় আড়াই বছর আগে ডিএমপির বরাবরে বাসাটির বরাদ্দ দিয়েছে।
তিনি জানান, এরআগে ওই বাসায় তিনি ছাড়াও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা বসবাস করেছেন। এখন সেখানে স্থাপন করা হয়েছে ধানমন্ডি থানা।
বাসাটি নিয়ে এখনো কোনো জটিলতা আছে কিনা তা জানতে চাওয়া হলে আইজিপি এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি।
সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
