২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জঙ্গী গ্রুপের খোঁজ নিলেন বার্নস

বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নসের সঙ্গে জামায়াতের দু’নেতার সাক্ষাৎকালে বার্নস বাংলাদেশে উগ্রবাদী জঙ্গী গ্রুপের উপস্থিতির ব্যাপারে খোঁজ খবর নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বিডিনিউজকে বার্নসের সঙ্গে তাদের আলোচনা সম্পর্কে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং বিশ্বের অন্যত্র জঙ্গী গ্রুপগুলো নিয়ে উদ্বিগ্ন। ‘আমরা তাকে বলেছি যে, বাংলাদেশ একটি শান্তিকামী উদারপন্থী মুসলিম রাষ্ট্র’।

সাক্ষাৎকালে তিনি বার্নসকে জানান, স্থানীয়ভাবে দ্বন্দ্ব সংঘাত থাকতে পারে, তবে তা পুরো জাতিকে প্রভাবিত করতে পারে খুব কমই।

মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের বাসভবনে রোববার বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে জামায়াত নেতা শাহ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক জানান, বার্নসের সাথে গণতন্ত্রের ভবিষ্যত, তত্ত্বাবধায়ক সরকার ও ছাত্র রাজনীতি বিষয়ে তাদের আলোচনা হয়েছে।

বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার সংস্কার সংক্রান্ত দাবির ব্যাপারে বার্নসের মন্তব্য জানাতে চাইলে ব্যারিস্টার রাজ্জাক বলেন, অতীতের তিনটি নির্বাচনের মতো আগামী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র।