রেডিও, টিভির লাইসেন্স প্রদানের ক্ষমতা সরকারের রয়েছে: সুপ্রিমকোর্ট
একুশে টেলিভিশনের (ইটিভি) মামলা পর্যালোচনার সময় রোববার সুপ্রিম কোর্ট বলেছেন, দেশে রেডিও টেলিভিশন সম্প্রচারের অনুমতি প্রদানের ক্ষমতা সরকারের রয়েছে।
দুটি আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জেআর মুদাচ্ছির হোসেন, বিচারপতি ফজলুল করিম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে আপিল বিভাগের একটি বেঞ্চ হাইকোর্টের আদেশ বাতিল করেন। এর আগে হাইকোর্ট জানিয়েছিলেন, সম্প্রচারের অনুমতি প্রদানের ক্ষমতা রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)।
আপিল বিভাগ জানান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট-২০০১ এর ৩ নম্বর অধ্যায়ের ২(খ) ধারা মতে, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কেন্দ্র প্রতিষ্ঠার এবং লাইসেন্স প্রদানের ক্ষমতা সরকারের রয়েছে।
হাইকোর্ট ২০০৩ সালের ২০ আগষ্ট রেডিও টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে বিটিআরসিকে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ দেখিয়ে একটি আদেশ দেন।
সরকার এবং বিটিআরসি হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে পৃথক দুটি আপিল করে।
সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন ও ব্যারিস্টার তানজিবুল আলম ইটিভির পক্ষে মামলা পরিচালনা করেন। বিটিআরসি’র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট টি এইচ খান।
