আহমদিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি: ঢাকা বলেছে সংকট সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে
আহমদিয়া ইস্যুতে বাংলাদেশকে সতর্ক করে দিয়ে ওয়াশিংটন তাদের অধিকার রক্ষা করতে বলেছে। অন্যদিকে ঢাকা বলেছে, সংখ্যালঘুদের অধিকারের জন্য হুমকিস্বরূপ যে কোনও গোষ্ঠির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংকট সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।
সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আণ্ডার সেক্রেটারি আর নিকোলাস বার্নসের সঙ্গে আলোচনার পর রোববার পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেন, কিছু মানুষ আহমদিয়াদের অধিকার ক্ষুন্ন করার চেষ্টা করছে। যারা এটা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
সফরকালে বার্নস সাংবাদিকদের সামনে মুখ না খুললেও পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে র্যাব ও বিচার বহির্ভুত হত্যা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও জাতিসংঘ সংস্কারের ব্যাপারে ঢাকার অবস্থান এবং রাজনৈতিক পরিস্থিতির জানতে বৈঠক করেছেন।
বার্নস দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রোববার দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেন। তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। এ সময়ে তিনি বলেন, বাংলাদেশ ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অংশিদার।
প্রধানমন্ত্রীকে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ গণতন্ত্রের চমৎকার উদাহরণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কানও তৃতীয় দেশের প্রভাব নেই এবং বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশিদার।
মোরশেদ খানের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক শেষে বার্নস সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে এবং বাংলাদেশ ও বাংলার জনগণের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বার্নস পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের সঙ্গেও সাক্ষাত করেন।
আগামী নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ধারণা প্রসঙ্গে জানতে চাওয়া হলে দ্রুত বেরিয়ে যাওয়ার মুখে বার্নস বলেন, আমরা সেরকমই আশা করছি।
পরে মোরশেদ খান সাংবাদিকদের বলেন, বার্নস দারিদ্র হ্রাস, সংস্কার, দুনীতি দমন কমিশন গঠন, মানব পাচার ও শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।
মন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশে এই উচ্চ পর্যায়ের বৈঠক প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তার নীতিতে দক্ষিণ এশিয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয সম্পর্ক গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা স্পষ্ট করেছেন যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রক্ষা করা হবে।
রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে মোরশেদ খান বলেন, আমি বার্নসকে বলেছি ক্ষমতাসীন দল যে কোনও দলের সঙ্গে যে কোনও ইস্যুতে সংসদে আলোচনা করতে আগ্রহী।
গ্রেনেড হামলা ইস্যুতে তিনি বলেন, তারা এ বাপাারের উন্নয়নে সচেষ্ট।
জাতিসংঘ সংস্কার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, তিনি বার্নসকে বলেছেন যে জাতিসংঘের প্রধান কর্মসুচি হলো দারিদ্র হ্রাস। এই কর্মৃসুচির আলোকে সংস্কার হতে পারে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আলোচনার পর নিকোলাস বার্নস দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবর বলেন, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আণ্ডার সেক্রেটারিকে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পক্ষে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
বার্নস র্যাবের বিচার বহির্ভুত হত্যা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী তাকে বলেন, সরকার এ ধরণের অভিযোগর ব্যাপারে নির্বাহী তদন্ত করে থাকে।
এছাড়াও প্রতিমন্ত্রী বার্নসকে সরাসরি বলেছেন, বাংলাদেশ কোনও স্থানীয অথবা বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দেবে না।
নিকোলাস বার্নস সোমবার সকালে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
