২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ, ফেনী ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৯

ময়মনসিংহ, ফেনী ও চাঁদপুরে রোববার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৯ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

রোববার সকাল ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঘামার নামক স্থানে ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জন নিহত হয়।

এছাড়া, ঢাকা-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার তারাকান্দা থানার বাগুন্দা নামক স্থানে একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারালে একজন নিহত ও ১০ জন আহত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে রোববার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই টেম্পুযাত্রী ঘটনাস্থলে নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন দাগনভূঁঞার হীরাপুর গ্রামের ওসমান গনি (২৬) এবং অপর জনের পরিচয় জানা যায়নি। এ ব্যাপরে ফেনী থানায় মামলা করা হয়েছে।

এদিকে রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি বাস ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু জন আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টর চালক রহমান মিজিকে (১৯) মৃত বলে ঘোষণা করে। নিহত রহমানের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে। অপর আহতের নাম জানা যায়নি। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।