জর্জকে জিজ্ঞাসাবাদ করেছে ইন্টারপোল, এফবিআই
একুশে আগস্ট গ্রেনেড হামলা তদন্তে বাংলাদেশে আসা ইন্টারপোল এবং এফবিআই এর কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে সিআইডি অফিসে কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন।
সিআইডি অফিসে ইন্টারপোল সদস্য মার্ক বুচেমিন ও গ্রে জর্জ জিওস্কি এবং এফবিআই প্রতিনিধি ট্রুং ভু গ্রেনেড হামলায় জড়িত সন্দেহে আটক জর্জকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।
গত বছরের ওই নৃশংস হামলায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আইভি রহমানসহ ২৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হন। এদের মধ্যে অনেকেই পঙ্গু হয়ে গেছেন।
সূত্র জানায়, জর্জকে জিজ্ঞাসাবাদকালে সিআইডির এক কর্মকর্তা দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সফরকারী ইন্টারপোল এবং এফবিআই সদস্যরা গ্রেনেড হামলা পরবর্তী এযাবতকালে যা যা তদন্ত হয়েছে তার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলাপ-আলোচনা করেন।
তারা পূর্র্র্বে প্রাপ্ত তথ্য-উপাত্ত, হামলা পরবর্তী ধারণকৃত ভিডিও টেপ এবং সমাবেশকালে ধারণকৃত ছবি এবং গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী আরমান খান, জর্জ এবং আওয়ামী লীগ দলীয় সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেসুর রহমানের জবানবন্দি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করেন।
এছাড়া, হামলা পরবর্তী আহত আওয়ামী লীগ নেতাকর্মীদের জবানবন্দির সারাংশও তারা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেন।
একটি সূত্র জানায়, বৈঠককালে সফরকারী এজেন্টরা গ্রেপ্তারকৃত আরমান, জর্জ এবং মোখলেসের নামে যতগুলো মামলা রয়েছে তা সম্পর্কে সিআইডির কাছে জানতে চান।
এছাড়া, গ্রেনেড হামলায় সন্দেহভাজন পলাতক আসামিদের ক্রিমিনাল রেকর্ড এবং তাদের সম্ভাব্য পালিয়ে থাকার স্থান সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয় এ সময়।
বৈঠকে সিআইডি এবং র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গড়া সাত সদস্যের তদন্তদল অংশগ্রহণ করে। এছাড়া সিআইডির ডিআইজি ও অন্যান্য উচ্চ পর্যায়ের কয়েকজন অফিসার বৈঠকে অংশগ্রহণ নেন।
উল্লেখ্য, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার তদন্ত নতুন করে শুরু করতে ইন্টারপোলের দুইজন এবং এফবিআই এর এক সদস্য বুধবার ঢাকায় আসেন।
