২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের গ্রেনেড হামলা তদন্তে ফের ইন্টারপোল ও এফবিআই

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার তদন্ত নতুন করে শুরু করতে ইন্টারপোলের দুই সদস্য বুধবার ঢাকায় এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ইন্টারপোল সদস্য মার্ক বিউচম্যান এবং গ্রে জর্জ জিওস্কি বুধবার দুপুরে থাই এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন।

নয়া দিল্লিতে কর্মরত এফবিআই প্রতিনিধি ট্রাং ভ’ুও একই ফ্লাইটে ঢাকায় আসেন।

গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী আরমান, সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেসুর রহমান এবং অপর সন্ত্রাসী জর্জ মিয়া গ্রেনেড হামলার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিলে সরকার ইন্টারপোলকে আমন্ত্রন জানায়।

তবে এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অব ইউএসএ) এজেন্ট স্বেচ্ছায় এসেছেন কি-না এবং তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলা তদন্তে অংশ নেবেন কি-না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তিনি এর আগে কিবরিয়া হত্যাকান্ড তদন্তে দু’বার বাংলাদেশ সফর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ আগস্টের গ্রেনেড হামলা তদন্তের অগ্রগতি নিয়ে তারা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

২১ আগস্টের গ্রেনেড হামলা তদন্তে ইন্টারপোল এর আগে তিনবার বাংলাদেশ সফর করে।

ট্রাং ভু এর আগের সফরে হবিগঞ্জে ২৭ জানুয়ারির হামলা তদন্ত শুরু করার আগে টার্মস অব রেফারেন্স নির্ধারণ করতে সরকারের প্রতি অনুরোধ জানান।

তিনি হবিগঞ্জে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা তদন্তে সরকারের অনুরোধে ৯ ফেব্রুয়ারি ঢাকায় আসেন।

তদন্তে জড়িত সিআইডি কর্মকর্তাদের সাথে আলোচনা করে ট্রাং ভু হবিগঞ্জ সীমান্তের মানচিত্র, জনসভার আগে ও পরে সভাস্থলের ফটোগ্রাফ তার সাথে নিয়ে যান। তিনি এ ব্যাপারে আটক ব্যক্তিদের বিবৃতিও নিয়ে যান।