২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজিত নেতারাই সংসদের সবচেয়ে বড় শত্রু: নৌ পরিবহন মন্ত্রী

নৌ পরিবহন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর হোসেন বলেছেন, পরাজিত নেতারাই সংসদের সবচেয়ে বড় শত্রু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জাতীয় সংসদে বুধবার ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

কর্নেল আকবর হোসেন বলেন, ফসল সংকটের কারণে মানুষের কষ্ট হয়েছে কিন্তু মানুষ ভুখা ছিলনা। উত্তরাঞ্চলের রংপুরে মঙ্গাপীড়িত এলাকাতেও মানুষ অনাহারে থাকেনি।

আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, তাদের পাকিস্তানে ফিরে যেতে দেওয়া উচিত অথবা তাদের নাগরিকত্ব দেওয়া দরকার। ত্রিশ বছর একটি দেশে বসবাসের কারণে তারা নাগরিকত্ব পেতে পারে।

তিনি বলেন, মানবাধিকার মানুষের জন্যে, দানবের জন্যে নয়। আগামী নির্বাচন হবে র‌্যাব বনাম আওয়ামী লীগ। কারণ আমরা আইন-শৃংখলা রক্ষায় র‌্যাবের পক্ষে থাকলেও আওয়ামী লীগ এর বিরোধিতা করছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সরকারের কোনও মন্ত্রী বা এমপির পরাজিত হওয়ার কথা নয়। যদি কেউ হারে তবে নিজের জন্যে হারবে। সরকার মানুষের জন্যে অনেক কাজ করেছে।

তিনি বলেন, জাতিকে এক করতে হলে শিক্ষা ব্যবস্থা এক করতে হবে। এর সিলেবাস ও সংস্কৃতি এক করতে হবে।

‘বিএনপি ও জোট সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী’ সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, জিয়া ক্ষমতায় আসার আগে মাত্র চারটি সংবাদপত্র ছিল। বাকি সব পত্রিকা বন্ধ করা হয়েছে। জিয়াই সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে সাংবাদিকদের রুটি-রুজির ব্যবস্থা করেছে।

তিনি স্বনির্ভর মন্ত্রনালয়গুলোকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া এবং পরিকল্পনা কমিশনকে মন্ত্রনালয়ের আওতায় আনার আহ্বান জানান।

তিনি প্রশাসনিক সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, পদোন্নতি প্রক্রিযা বন্ধ করে পদের জন্যে লোক নিয়োগ দিতে হবে। কারণ উন্নত বিশ্বে এখন পদোন্নতি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতির চেয়ে অপচয় বেশি ক্ষতি করছে। কেউ তাদের জন্যে নির্ধারিত সময় সংশ্লিষ্ট কাজে ব্যবহার করছেনা।

তিনি বিরোধী দলের নেতাদের যোগ্য মূল্যায়নের প্রস্তাব করে বলেন, তারা তাদের যোগ্য সম্মান পেলে সংসদে অবশ্যই থাকবেন। তবে সংসদের বড় শত্রু হচ্ছে পরাজিত নেতারা। মন্ত্রী দেশের বৈদেশিক নীতি পরিবর্তন করারও আহ্বান জানান।