২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

সারা দেশে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৪৪ কোটি ৪৮ লাখ টাকার বকেয়া বিলের কারণে গত ৩ জুন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ দেশের ১৩ টি জেলায় আটকে পড়া পাকিস্তানিদের মোট ৭০ টি ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

হাইকোর্টের আদেশ বাস্তবায়িত হয়েছে কি না সে ব্যাপারে কোর্টকে তিন সপ্তাহের মধ্যে অবহিত করার জন্যও ওই রায়ে বলা হয়েছে।

আটকে পড়া পাকিস্তানিদের নেতা আটকে পড়া পাকিস্তানি সাধারণ প্রত্যাবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. নাসিম খান ও সাধারণ সম্পাদক এম শওকত আলীর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ জারি করে। রিট আবেদনে পিডিবি’র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণকে চ্যালেঞ্জ করা হয়। হাইকোর্টের রায়ে পিডিবি’র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) কে দায়ী করে পিটিশনটি দায়ের করা হয়।

রিট আবেদনকারীদের পক্ষে অ্যাড. আব্দুল বাসেত এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান মামলাটি পরিচালনা করেন।