২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইলবন্দি হয়ে পড়ে আছে চিলমারী বন্দর রক্ষা প্রকল্প

চিলমারী বন্দর রক্ষা প্রকল্প বাস্তবায়নের কোনও পদক্ষেপ আজও নেয়া হয়নি। ফলে ক্রমেই ব্রহ্মপুত্রের ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

গোটা চিলমারী উপজেলাই এখন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। চিলমারী বন্দর রক্ষায় জনগণ ‘সংগ্রাম কমিটি’ গঠন করে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনও ফল পায়নি। বিভিন্ন সময়ে মন্ত্রীরা চিলমারী বন্দর পরিদর্শন করে এর উন্নয়নের আশ্বাস দিলেও, বাস্তবে কোনও পদক্ষেপ সরকার নেয়নি।

সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের গঠন বৈচিত্র ও সংশ্লিষ্ট ভুখন্ডের ঢালজনিত কারণে ভাঙ্গন প্রক্রিয়া ক্রমশ তীব্র হচ্ছে। ফ্লাড এ্যাকশন প্লান (ফ্যাপ-২২)-এর প্রতিবেদনে জানা যায়, ব্রহ্মপুত্র নদের ডান তীরের পশ্চিম দিকে বার্ষিক ভাঙ্গনের হার গড়ে ৫০ মিটার। এর ফলে ব্রহ্মপুত্র ক্রমশ চিলমারী এলাকায় সরে আসছে।

সংশ্লিষ্ট বিভাগ সূত্র জানায়, ১৯৬০-৬১ সাল থেকে ১৯৭৩-৭৪ সাল পর্যন্ত ব্রহ্মপুত্রের ভাঙ্গনের ব্যাপকতায় চিলমারী উপজেলার অষ্টমীচর, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নের অধিকাংশ এলাকা বিলীন হয়ে যায়। হারিয়ে যায় চিলমারী বন্দর। ১৯৯৮ ও ২০০২ সালের ব্যাপক ভাঙ্গনে অবশিষ্ট তিনটি ইউনিয়ন রমনা, থানাহাট ও রানীগঞ্জের অর্ধেকের বেশী নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙ্গনে গত দুই বছরে মাঝিপাড়া, জোড়গাছ, ব্যাপারীপাড়া, ব্যাঙপাড়াসহ ১৬টি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে।

বিভিন্ন সূত্র মতে, বিগত ৩০ বছরে কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র নদ প্রায় ৩ শ’ বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করেছে। এতে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষ। এসব গৃহহারা মানুষ শহরের বস্তিতে, রেলসড়কের পাশে, বাঁধের ধারে, রাস্তার ধারে এবং জেগে ওঠা বিভিন্ন চরে কোনও রকমে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে ১৯৯৪ সালে পানি উন্নয়ন বোর্ড চিলমারী বন্দর রক্ষা প্রকল্পের প্রকল্প সার পত্র (পিসিপি) তৈরী করে। ১৯৯৫ সালে ৫৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ নদী গবেষণা ইনিষ্টিটিউট (ফরিদপুর)-এর মাধ্যমে এই প্রকল্পের মডেল ষ্ট্যাডি করা হয়। ২০০০ সালে মডেল ষ্ট্যাডি‘র রিপোর্ট প্রকাশিত হয়। মডেল ষ্ট্যাডির রিপোর্ট অনুযায়ী বৈরাগীহাট থেকে চিলমারী পর্যন্ত ১৬ কিলোমিটার অত্যন্ত ভাঙ্গন-প্রবণ এলাকায় সাতটি গ্রোয়েন নির্মাণ এবং ১২০০ মিটার তীর প্রতিরক্ষা কাজের প্রস্তাব দেয়া হয়। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয় প্রায় ২‘শ কোটি টাকা।

জানা যায়, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের কাজ আংশিকভাবে শুরুর জন্য প্রথম কিস্তিতে ১৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দের জন্য প্রস্তাব পেশ করলেও অদ্যাবধি কোনও বরাদ্দ পাওয়া যায়নি। তখন থেকেই প্রকল্পটির কার্যক্রম ফাইলবন্দি হয়ে পড়ে আছে।

গত সংসদে সাংসদরা বেশ কয়েকবার প্রকল্পটির বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি, প্রকল্পটি বাস্তবায়নের কোনও উদ্যোগ নেয়া হয়নি। তার পর আরও একটি সরকার এসেছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নে তারাও তৎপর নয়।