২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্য সক্ষমতার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ এ বাজেটে প্রতিফলিত হয়নি

দেশের একজন বাণিজ্য বিশেষজ্ঞ ২০০৫-০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্য সক্ষমতার জন্য যা কিছু প্রয়োজন তা এই বজেটে প্রতিফলিত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 10:18 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রস্তাবিত বাজেট বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কি ধরণের প্রভাব ফেলবে এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শিশির কে দেব বলেন, বৈদেশিক বাণিজ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সক্ষমতা অর্জনে সরকারকে তার প্রচেষ্টার প্রমান করতে হবে।

তিনি বলেন, সরকারের এই প্রচেষ্টা নতুন বাজেটে প্রতিফলিত হয়নি।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার পর গত ১০ বছরে বিশ্ব বাণিজ্য পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এই পরিবর্তন প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের এই পরিবর্তন বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থা দেশের আভ্যন্তরীণ পরিকল্পনায় নির্দেশনা দিয়ে যাচ্ছে। আমাদের কাছে বিষয়টি সুস্পষ্ট যে, আমাদেরকে সবার আগে বাণিজ্যিক ক্ষমতা অর্জন করতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে বেসরকারি উদ্যোক্তাদের সাথে একসাথে কাজ করতে হবে। কিন্তু সরকার এ ব্যাপারে এখনও যথাযথ পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, বিশ্ব বানিজ্য সংস্থা এবং তাদের বাণিজ্য নীতির সাথে তাল মিলিয়ে চলতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার ৫১৬ টি নতুন প্রকল্পসহ মোট ১৪০০ প্রকল্প হাতে নিয়েছে যা বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয়। তিনি এ বাজেটকে উচ্চাকাঙ্খী বাজেট বলে আখ্যা দেন। তিনি চলতি অর্থবছরে ১৭৮২ কোটি টাকা থোক বরাদ্দ দেয়ারও সমালোচনা করেন।

গত বছর এ বরাদ্দ ছিলো ৬৩৪ কোটি টাকা। তিনি বলেন, জনগনের অর্থ এভাবে অপচয় করা ঠিক নয়।

তিনি বলেন, একটি দেশের বাজেট হওয়া উচিত সুপরিকল্পিত এবং স্বচ্ছ। কিন্তু সরকারের চলতি বাজেটে এসব ব্যাপার দেখা যায়নি। এ বছর ৩৭৩১২ কোটি টাকার রাজস্ব আয়ের পরিকল্পনাকে বাস্তবতাবর্জিত বলে আখ্যা দেন।