জাপান থেকে ডব্লিউএফপি’র বন্যা সাহায্য ১২,৫২৮ মে.টন চাল এসে পৌঁছেছে
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষকে সাহায্যার্থে জাপান বুধবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১২ হাজার পাঁচশ’ ২৮ মেট্রিক টন চাল হস্তান্তর করেছে।
বাংলাদেশে জাপানী রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের হাতে এ সম্পর্কিত কাগজপত্র তুলে দেন।
জাপানের বরাদ্ধকৃত এ চাল গত ১২ মে চট্টগ্রামে এসে পৌঁছ্য়া। বন্যা পরবর্তী সাহায্য হিসেবে জাপান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে এ চাল হস্তান্তর করে।
২০০৪ সালের ডিসেম্বরে জাপান বাংলাদেশের ভিজিডি কার্যক্রম পরিচালনায় দুই মিলিয়ন মার্কিন ডলার মুল্যের ৫ হাজার মেট্রিক টন গম বরাদ্ধ দেয়।
বরাদ্ধকৃত এ চাল হস্তান্তর অনুষ্ঠানে জাপানী রাষ্ট্রদূত মাৎসুশিরো এই বরাদ্ধকে বাংলাদেশের জনগণকে প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতির বাস্তাবায়ন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, গত বছর বন্যায় যারা ক্ষতিগ্রস্তদের কাছে আমাদের এ সহায়তা পৌঁছাবে বলে আমি আশা করি।
যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশে ডব্লিউএফপি’র প্রতিনিধি ডগলাস ক্যাসন কটস বলেন, বাংলাদেশকে বন্যা সাহায্য ও উন্নয়ন সহায়তা দিতে জাপান অন্যতম প্রতিশ্রুতিশীল ও নির্ভরযোগ্য দাতাদেশে পরিণত হয়েছে। আমরা এই সম্পর্কের গুরুত্ব অনুধাবন করছি এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি করতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব।
জাপানের এ সাহায্য ২০০৫ সালের জানুয়ারিতে পৌঁছার কথা থাকলেও ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সংগঠিত ভয়াবহ সুনামির কারণে তা বিলম্বিত হয়। ওই সময় বাংলাদেশ সরকার ও জাপান সরকারের সম্মতিতে জাহাজটি সুমাত্রা উপকূলে সুনামি আক্রান্ত লাখ লাখ লোকের সাহায্যার্থে পাঠানো হয়।
বরাদ্ধকৃত এ চাল সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ফরিদপুর জেলার ৩৬টি উপজেলার ৩১৯টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে বিতরণ করা হবে।
বাংলাদেশে খাদ্য ও পুষ্টি সংক্রান্ত ডব্লিউএফপি’র কার্যক্রমে জাপান নিয়মিতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।
