২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে চিকিৎসা না পেয়ে রক্তক্ষরণে শিশুর মৃত্যু

ফেনী সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে প্রচুর রক্তক্ষরণে মারা গেছে ১০ বছরের শিশু শিখা। সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে দু ঘন্টা পর সে মারা যায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ব্রহ্মণবাড়িয়ার কসবা থানার ক্ষেতমজুর রহিত মিয়ার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া কন্যা শিখা তার বোন ও ভগ্নিপতির সঙ্গে চট্টগ্রাম যাচ্ছিল। পথে কুমিল্লার তিল্লাপির মোড়ে যান্ত্রিক গোলযোগে বাস নষ্ট হয়ে গেলে অন্যান্য যাত্রীর মতো শিখাও নেমে পড়ে। এ সময় রাস্তা পাড় হতে গেলে একটি দ্রুতগামি বাস তাকে চাপা দেয়।

সংশ্লিষ্ট সূত্রসমূহ জানায়, দুপুর ২ টা ১০ মিনিটে শিখাকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. কমলেশ রায় প্রথমে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সেখানে সে আধা ঘন্টা পড়ে থাকে। এরপর তাকে শিশু ওয়ার্ডে নিয়ে যাওয়া হলেও শিখা কোনও চিকিৎসা পায়নি।

শিখার ভগ্নিপতি মো. সাগর জানান, এক সময় চিকিৎসক স্যালাইন আনতে তাকে স্লিপ লিখে দেন। তার কাছে টাকা না থাকায় বাইরে এসে উপস্থিত লোকদের কাছে চাঁদা তুলে স্যালাইন কিনে আনেন।

হাসপাতালের একটি সূত্র জানায়, জুনিয়র অর্থপেডিক কনসালট্যান্ট ডা. আহসানউল্লাহ এ সময় হাসপাতালে ছিলেন না। তাকে খবর দেওয়া হলেও তিনি আসেননি। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিষয়টি তাকে কেউ জানায়নি।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. সারোয়ার জাহান বলেন, কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা মেয়েটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে।

সিভিল সার্জন ডা. মো. ফারুক এ প্রসঙ্গে বলেন, বিষয়টি জানার পর জুনিয়র অর্থোপেডিক কনসালট্যান্টকে তলব করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।