২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম ভবন ধসের ঘটনায় নিহত আরও ১৬ শ্রমিকের ওয়ারিশকে ক্ষতিপূরণ দেওয়া হলো

সাভারের স্পেকট্রাম সোয়েটার ইণ্ডাস্ট্রিজ লিমিটেড ভবন ধসের ঘটনায় নিহত আরও ১৬ শ্রমিকের প্রত্যেক ওয়ারিশকে বৃহস্পতিবার বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে ৭৯ হাজার টাকার চেক প্রদান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এ উপলক্ষ্যে বিজিএমইএ অফিসে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের (এমসিসিআই) বর্তমান সভাপতি কুতুবউদ্দিন আহমেদ।

যে সব নিহত শ্রমিকের ওয়ারিশকে চেক প্রদান করা হয়েছে তারা হলো-মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইলিয়াস, মোঃ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, আঃ গনি মিয়া, রাশেদুল ইসলাম, মোঃ সৈকত, শহিদুল ইসলাম, আঃ আজিজ, শাহ আলম মিয়া, মোঃ নজরুল ইসলাম, কায়েশ, জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, বিল্লাল হোসেন ও আঃ রাজ্জাক।

এ নিয়ে ক্ষতিপূরণ প্রাপ্ত শ্রমিক পরিবারের সংখ্যা দাড়ালো ৪০ এ। এর আগে ২৪ জনকে ক্ষতিপূরণ দেওয়া হযেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ইতোপূর্বে শ্রম আইন অনুযায়ী এই ওয়ারিশদের প্রত্যেকের জন্য ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যানকে ২১ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

কুতুবউদ্দিন আহমেদ গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বাইরে পোষাক শিল্পের জন্য একটি গার্মেন্টস পল্লী স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।