আড়াই বছর পর জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ডের বৈঠক অনুষ্ঠিত
দীর্ঘ আড়াই বছর পর বুধবার বৈঠকে বসেছে জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ড (এনএনসিবি)। যদিও এসময়ের মধ্যে এ ধরণের নয়টি বৈঠক হতে পারত।
বৈঠকে সমাজকল্যাণ সচিবকে প্রধান করে গঠিত কমিটির দেয়া প্রতিবেদনে উল্লেখিত কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং দূরীকরণের উপায় খুঁজে বের করার জন্য এ কমিটি গঠন করা হয়েছিল।
এনএনসিবি’র চেয়ারম্যান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে বৈঠকে এনএনসিবি’র সদস্য তথ্যমন্ত্রী শামসুল ইলাম, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান এম মুজাহিদ, অর্থ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার ও স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জাতীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক কামাল উদ্দিন আহমেদ, আইন সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বৈঠকে কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র ও মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে আলোচনা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মাদক নিয়ন্ত্রণ অভিযান সম্পর্কে বোর্ডের সদস্যদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী অবৈধ মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচলনা করছে।
২০০৫ সালের প্রথম চার মাসে এ সম্পর্কিত দুই হাজার দুইশ’ ৭৫টি মামলা হয়েছে এবং এর সাথে জড়িত থাকার দায়ে দুই হাজার ছয়শ’ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রিপরিষদের ১১ মন্ত্রী, একজন সচিব, ডিএনসি’র মহাপরিচালক ও পাঁচ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ১৮ সদস্য নিয়ে এনএনসিবি গঠন করা হয়। ডিএনসিকে দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি তিন মাসে বোর্ডকে একবার বৈঠক করতে বলা হয়।
কিন্তু গত আড়াই বছর ধরে দেশব্যাপী মাদক নিয়ন্ত্রণ অভিযান পরিচালনার ব্যাপারে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বোর্ড। এনএনসিবি সর্বশেষ বৈঠক করে ২০০৩ সালের জানুয়ারিতে।
দেশে মাদক আসক্তের সঠিক সংখ্যা নির্দেশে কোনও জরিপ পরিচালিত না হলেও কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী এ সংখ্যা ২৫ লাখের কম হবে না। এদের দুই তৃতীয়াংশই ১৬ থেকে ৩৪ বছর বয়সী।
