নীলফামারী ও ময়মনসিংহে বজ্রপাতে নিহত ৪, আহত ৭
নীলফামারী ও ময়মনসিংহ জেলায় মঙ্গলবার রাতে বয়ে যাওয়া ঝড়ের সময় বজ্রপাতে চার মহিলা নিহত ও সাতজন আহত হয়েছে।
বিডিনিউজের নীলফামারী প্রতিনিধি জানান, রাত ন’টা থেকে প্রায় দেড় ঘন্টা স্থায়ী এ ঝড়ের সময় ঘরের ওপর বজ্রপাত হলে জেলার দক্ষিণ বাহাগিলি আদর্শগ্রামের আব্দুল মজিদের স্ত্রী হাসিনা বেগম (৩৫), উত্তর পঞ্চপুকুরের ছলিমুদ্দিনের স্ত্রী রাবিয়া বেগম (২৮) ও দুকুড়ি গ্রামের জামালউদ্দিনের স্ত্রী আবিরুন্নেছা (৪৫) মারা যান।
এ সময় বজ্রপাতে আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও ঝড়ে ঘর ও গাছ চাপায় অন্তত: ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, জেলার ফুলবাড়ি উপজেলার ফাহালগাঁও গ্রামে বজ্রপাতে আমিরজান (৫০) নামে এক মহিলা নিহত হয়।
মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে মনসুর আলীর স্ত্রী আমিরজান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার পুত্রসহ আরও তিনজন আহত হয়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
