জুন মাসের পরীক্ষা স্থগিত করায় ঢাবিতে আরও পাঁচমাসের সেশনজট
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুন মাসের সকল পরীক্ষা স্থগিত করায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সেশনজটের সাথে অতিরিক্ত আরও পাঁচ মাস সেশনজট যুক্ত হচ্ছে।
২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শাম্মী আখতার নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ জুন মাসের সব পরীক্ষা স্থগিত করে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার সেশনজটের কবলে পড়ে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে কমপক্ষে দেড় বছর থেকে তিন বছরের সেশন জট রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটে রয়েছে তিন থেকে পাঁচ বছরের সেশনজট।
জুন মাসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ৭টি অনুষদ এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের মোট ১৮০ টি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া হরতাল, ধর্মঘট ও অন্যান্য কারণে মে মাসের বেশ কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
শিক্ষার্থীরা এমনিতেই প্রকৃত শিক্ষাবর্ষ থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা পেছানোর ঘোষণায় শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন নিয়ে আরও হতাশ হয়ে পড়েছে।
একটি শিক্ষাবর্ষের মেয়াদ বছরের জুন মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরণের সমস্যার কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষাবর্ষ শেষ করতে পারে না।
সিণ্ডিকেটের একজন সদস্য এ ব্যাপারে বলেন, পরীক্ষার পুরো সময়সূচি নতুন করে দিতে কর্তৃপক্ষের কয়েক মাস সময় লাগবে। যা পাঁচ মাসের সেশনজট সৃষ্টি করবে।
মে ও জুন মাসের স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পুনরায় নির্ধারণ করতে হলে জুলাই মাসের নির্ধারিত পরীক্ষা আরও পেছাতে হবে বলে জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।
তিনি জানান, নতুন করে পরীক্ষার সময়সূচি দেওয়ার জন্য শীঘ্রই ডীনস্ কমিটি ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের এ সেশনজট আদৌ নিয়ন্ত্রন করা যাবে কিনা সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বলেন, জুলাই মাসে যেসব পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে সেসব পরীক্ষা নির্ধরিত সময়ে নেওয়া হবে। জুন মাসের স্থগিত হয়ে পরীক্ষার সময়সূচি এমনভাবে দেয়া হবে যাতে জুলাই মাসের পরীক্ষা পিছিয়ে না যায়। সেশনজট কমাতে যথাসম্ভব চেষ্টা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন । প্রয়োজন হলে শুক্রবারেও পরীক্ষা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
