আরমান আবার ৭ দিনের রিমাণ্ডে
প্রথম দফায় সাত দিনের রিমাণ্ড শেষে শীর্ষ সন্ত্রাসী আরমানকে আবারও সাত দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। এবারে একটি হত্যা মামলায় র্যাব তাকে জিজ্ঞাসাবাদ করবে।
কড়া নিরাপত্তার মধ্যে রোববার তাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
আদালতে র্যাব আরমানের বিরুদ্ধে ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানায়। তবে মুখ্য মহানগর হাকিম শফিক আনোয়ার সাত দিনের রিমাণ্ড মঞ্জুর করে।
একই সাথে আদালত তাকে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের ১৭ এপ্রিল মতিঝিলে অজ্ঞাতনামা এক যুবক খুনের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার দেখায়।
দ্বিতীয় বারের মতো রিমাণ্ডের প্রয়োজনিয়তার ওপর গুরত্বারোপ করে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র্যাবের সাব ইন্সপেক্টর (এসআই) আবদুর রউফ আদালতকে বলেন, আরমানের সহযোগীদের গ্রেফতার করতে এবং লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।
শুনানি শেষে আদালত তাকে রিমাণ্ডে নেওয়ার আদেশ দেন।
গত ৩ জুন আরমানকে গ্রেফতার করার ২৪ ঘন্টা পর একটি অস্ত্র মামলায় পুলিশ তাকে সাত দিনের রিমাণ্ডে নেয়।
গ্রেফতারের সময় তার কাছে থাকা তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর পুলিশ গত ৪ জুন তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করে।
এদিকে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিআইডি পুলিশ ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে পাঁচ দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
আরমানের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সিআইডি পুলিশ শুক্রবার দুপুরে নিউ সার্কুলার রোডের ২৪৩ নম্বর বাসা থেকে আরমানকে গ্রেফতার করে।
এর আগেও মালিবাগের আলোচিত চার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে গত ৫ জুন মোখলেছকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিলো। সেসময় টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে র্যাব তাকে ছেড়ে দেয়।
