যশোরে ভূ-গর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারই ভূপৃষ্ঠে ফাটলের কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা
ভূ-গর্ভস্থ ভূমি ধ্বসের কারণে যশোর সদরের দলেননগর ও আন্দোলপৈতা এলাকার প্রায় দুই কিলোমিটার এলাকায় ভূ-পৃষ্ঠে ফাটল দেখা দিয়েছে।
আর ভূমি ধ্বসের কারণ মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানির ব্যবহার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের দুজন বিশেষজ্ঞ মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন শেষে এ মতামত ব্যাক্ত করেন।
গত সপ্তাহে এলাকাবাসী ন্যাওলা বগান ও পূর্বপাশের মাঠে সর্বপ্রথম এ ফাটল দেখতে পান। বিস্ময়কর এই ফাটল দেখে স্থানীয় লোকজন নানা অভিমত ব্যক্ত করেন। বিষয়টি মিডিয়ার কল্যাণে সরকারের দৃষ্টি আকর্ষণ হলে মঙ্গলবার ঢাকা থেকে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারি পরিচালক জিল্লুর রহমান ও কামরুল হাসান সমন্বয়ে দু’সদস্যের একটি পর্যবেক্ষক টিম যশোরে আসেন। তারা গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং যন্ত্রপাতি দিয়ে ফাটল পরীক্ষা করেন। জানা যায়, এই পরীক্ষা ১৭ জুন পর্যন্ত চলবে।
ভূ-তাত্বিক বিশেজ্ঞরা জানান, দু’একটি জায়গা বাদে বাংলাদেশের ভূমির গঠন সর্বত্র প্রায় একই। জনবসতি গড়ে উঠেছে মূলত নদীর ধারে। বিল ও বিল সংলগ্ন প্লাবনভূমিতে চাষাবাদ বেশি হয়। প্লাবনভূমিতে অবস্থিত পিঠস্তর সবচে’ বেশি পানি ধারন করতে পারে । ভূ-গর্ভস্থ পানির মাত্রাতিরক্ত ব্যবহারই ভূ-স্তরে শূন্যতা সৃষ্টি করে থাকতে পারে। আর ওই শূন্য স্থানই ভূমি ধ্বসের মূল কারণ বলে মনে করেন বিশেজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলেন, দলেননগর ও আন্দোলপৈতায় এ ধরনের ফাটল আরও বড় হবার সম্ভাবনা রয়েছে। যশোরের মনিপুরেও দু’বছর আগে এরকম ফাটল পরিলক্ষিত হয়েছিল। উল্লেখিত এলাকার ফাটল দেখতে এখন শতশত লোক সেখানে উপস্থিত হচ্ছেন।
